জামায়াত বিষধর সাপ, সুযোগ পেলে ছোবল মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য প্রধান বিরোধী দল বিএনপি জামায়াতের পাশে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ মঙ্গলবার এক বিক্ষোভ সমাবেশে হানিফ এই অভিযোগ করেন। ‘জামায়াত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ জাতীয় শ্রমিক লীগ মতিঝিলে জনতা ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।সমাবেশে হানিফ গতকাল সোমবার ১৮-দলীয় জোটের কর্মসূচিতে জামায়াতের সমর্থনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দেওয়া বক্তব্যের নিন্দা ও ধিক্কার জানান। মির্জা ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আপনারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করেন। আবার যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করছেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কখনো যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করতে পারে না।’জামায়াতকে বিষধর সাপের সঙ্গে তুলনা করে মাহবুব উল আলম বলেন, ‘এরা গর্তে লুকিয়ে থাকে। সুযোগ পেলে বের হয়ে এসে ছোবল দিয়ে আবার গর্তে ঢুকে পড়ে। বিশেষ বিশেষ মুহূর্তে তাদের দেখা যায়।’ মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার বানচাল করতে জামায়াত-শিবির দেশব্যাপী নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করতে চাইছে বলে তিনি অভিযোগ করেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশে ধরনা দিচ্ছেন অভিযোগ করে হানিফ বলেন, ‘বিদেশ গিয়ে খালেদা জিয়া জামায়াতের সঙ্গে থাকবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু দেশে এসে তিনি আবার জামায়াতের পক্ষ নিয়েছেন।’