প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ডিসেম্বর মাস বিজয়ের মাস। এ মাসে হানাদারবাহিনীকে এদেশের মানুষ আত্মসমর্পণে বাধ্য করেছিল। এই বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া আন্দোলনের কর্মসূচি দিয়েছেন, এদেশের মানুষ তা মেনে নেবে না। যতই ষড়যন্ত্র করা হোক, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। কেউ তাদের বাঁচাতে পারবে না।’ প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছি। এতে জাতি কলঙ্কমুক্ত হবে, বিশ্বদরবারে মর্যাদার সাথে মাথা তুলে দাঁড়াবে। আপনি জনগণের মনের আওয়াজ শোনেন, ওই জামায়াত-শিবির ছাড়েন। তাহলে আপনার একটা জায়গা হবে। না হলে আপনার দুর্নীতি আর লুটপাটের বিচার এদেশের মাটিতে হবে। জামায়াত-শিবিরের নির্যাতনের কথা মানুষ ভুলবে না।’আজ শনিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া বলেছেন তার ছেলেরা নাকি সত্ জীবনযাপন করে। যেদিন একথা বললেন, সেদিনই তার ছেলেদের মানি লন্ডারিংয়ের টাকা দেশে ফেরত এসেছে। এই মামলা আওয়ামী লীগ করেনি, তত্ত্বাবধায়ক সরকারও করেনি। মামলা হয়েছে আমেরিকার কোর্টে। এই অঞ্চলের (মৌলভীবাজার) অনেকেই প্রবাসে থাকেন। একটু খোঁজ নিয়ে দেখেন তাঁর ছেলে লন্ডনের কোন এলাকায় থাকে? কি রকম বিলাসবহুল জীবনযাপন করছে। দুর্নীতি ছাড়া এতো টাকা কোথা থেকে আসবে? কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। মানুষ সব জানে, গলাবাজি করে কাজ হবে না।’শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ ভালো থাকুক খালেদা জিয়া চান না। বিরোধীদলীয় নেত্রী বলেছেন দেশের চেহারাই পাল্টে দেবেন। আমরা বিনা মূল্যে বই দিচ্ছি। তিনি ক্ষমতায় গেলে বই দেবেন না। আমরা কমিউনিটি ক্লিনিক করেছি। তিনি তা বন্ধ করে দেবেন। মৌলভীবাজারের আড়াইশ শয্যার হাসপাতাল করেছি। তিনি সেটা ১০০ শয্যা করে চেহারা পাল্টাবেন?’বর্তমান সরকারের আমলে গৃহীত নানা কর্মসূচির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রায় চার লাখের উপর মানুষের চাকরির ব্যবস্থা করা হয়েছে। একদিকে জিনিসের দাম কমিয়েছি। অপরদিকে বেতনভাতা ও মজুরি বাড়িয়েছি। ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইন্টারনেট চালু করেছি। তথ্যসেবা পাওয়ার ব্যবস্থা করেছি। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। ঘরে বসে চিকিত্সা পাচ্ছেন। ঔষধের ব্যবস্থা করে দিয়েছি। শিক্ষার হার বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছি। এবার বিনা মূল্যে ২৭ কোটি বই বিতরণ করা হবে। আমরা বিনা মূল্যে বই দেব। দেশের মানুষ লেখাপড়া শিখবে, বাংলাদেশকে উন্নত করবে।’চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ১০ হাজার চা-শ্রমিককে রেশন দিচ্ছি। স্কুলের ব্যবস্থা করছি। জটিল অসুখের চিকিত্সার ব্যবস্থা করছি। চা-শ্রমিকদের বার্গেনিং করার ব্যবস্থা নেই। আমরা নির্বাচিত কমিটি করার ব্যবস্থা করব।’শেখ হাসিনা বলেন, ‘আমরা মেহনতি মানুষের পাশে আছি। প্রবাসীদের পাশে আছি। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা এনেছেন। আগামীতে আবার ভোট দিয়ে ২০২১ সালের মধ্যে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সহযোগিতা করবেন।’ তিনি (শেখ হাসিনা) গত নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনই মহাজোটকে উপহার দেওয়ায় জেলাবাসিকে অভিনন্দন জানান।মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেছার আহমদের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মিছবাহউদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহিলা সাংসদ জেবুন্নেছা হক, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী, মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাবউদ্দিন, মৌলভীবাজার-২ আসনের সাংসদ জাতীয় পার্টির নওয়াব আলী আব্বাছ খান, সাবেক সাংসদ হুছনে আরা ওয়াহিদ প্রমুখ। শেখ হাসিনার বক্তব্যের আগে মণিপুরী সাংস্কৃতিক পরিষদ মঞ্চের সামনে মণিপুরী নৃত্য পরিবেশন করে। প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে আজ দুপুরে শ্রীমঙ্গল পৌঁছান। এরপর শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন, উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ ও শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ কমপ্লে¬ক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া বেলা দেড়টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের নবনির্মিত ভবন এবং পৌনে দুইটার দিকে আবহাওয়া রাডার স্টেশনের ভবন উদ্বোধন করেন। পরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠের জনসভা স্থল থেকে নবনির্মিত পলিটেকনিক ইনস্টিটিউট উদ্বোধন, জাতীয় মহিলা সংস্থার ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লে¬¬ক্স এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন টেকনিকেল ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জনসভায় সারা জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ যোগদান করেন।