জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এরপর তারা অঙ্গসংগঠন শিবিরকে নিয়ে দেশে জঙ্গিবাদের প্রসার ঘটিয়েছে। তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আর এজন্য প্রয়োজন আইনি, সামাজিক এবং সর্বোপরি তারুণ্যের ত্রিমুখী লড়াই। আজ শুক্রবার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে আয়োজিত ‘জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক গণসংলাপে বক্তারা এসব কথা বলেন। শাহবাগের গণজাগরণ মঞ্চ এ সংলাপে আয়োজন করে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংলাপের সূচনা হয়। এরপর স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্যের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।সংলাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে হলে জামায়াতে ইসলামীর মতো সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক দল হিসেবে নয়, একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা যায়। নিষিদ্ধ না করলে তাদের সন্ত্রাস ও জঙ্গিবাদ সারা দেশে ছড়িয়ে পড়বে। শিক্ষাবিদ অজয় রায় বলেন, জামায়াতে ইসলামীকে সাম্প্রদায়িক সংগঠন হিসেবে যদি দেখা হয়, তবে তারা অসাম্প্রদায়িক দেশে কাজ করতে পারে না। আবার যদি ধর্মভিত্তিক দল হিসেবে দেখা হয়, তবে তারা রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারে না। কিন্তু তারা তাদের সীমা ছাড়িয়ে গেছে। একটি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জাতীয় সংসদে আইন পাস করে তাদের নিষিদ্ধ করার জন্য তিনি সাংসদদের প্রতি অনুরোধ জানান। শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি চালান কৃষক, পোশাকশ্রমিক আর প্রবাসী শ্রমিকেরা। বাংলাদেশ নামক গাড়িতে এই তিনটি চাকা লাগানো আছে। চতুর্থ চাকাটি লাগাতে হবে তরুণ প্রজন্মকে। পড়াশুনা করতে হবে, জানতে হবে। জামায়াত হাজার হাজার কোটি টাকা তৈরি করেছে রাজনীতির জন্য। তরুণদের শত শত...কোটি টাকা তৈরি করতে হবে গরিব মানুষের জন্য।’ তরুণদের উদ্দেশে তিনি বলেন, এ দেশকে মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া বিনির্মাণ করা সম্ভব নয়। তাই এ চেতনাকে বুকে ধারণ করতে হবে। তাহলে আর কোনো শক্তিই ভয় দেখাতে পারবে না। অর্থনীতিবিদ আবুল বারাকাত বলেন, বৈষম্যহীন সমাজ এবং অসাম্প্রদায়িক মানস কাঠামো তৈরির উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে হয়েছিল। কিন্তু এর কোনোটিই বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, জামায়াতে ইসলামী ’৭১-এ স্বনামেই বিরোধিতা করেছে। ৩০ লাখ শহীদের মৃত্যুর জন্য তারা সরাসরি দায়ী। তারা এ সবকিছু করেছে ধর্মের নামে। অসাম্প্রদায়িক একটি ধর্মকে সাম্প্রদায়িক বানিয়েছে। তিনি জামায়াত-শিবিরকে নিষিদ্ধে পাড়ায় মহল্লায় তাদের প্রতিরোধ করতে ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানান।এক প্রশ্নের জবাবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্তটি চূড়ান্ত হয়নি বলে মনে হচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘জামায়াত-শিবিরের ভোট দিয়ে কেউ ক্ষমতায় যাবেন এটা হতে দেওয়া হবে না।’বক্তব্যে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, জামায়াত সব সময়ই জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা এবং মৌলবাদের চাষাবাদ করে আসছে। একমাত্র তাদের নিষিদ্ধ করার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জীবিত হতে পারে।গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা মারুফ রসূলের সঞ্চালনায় সংলাপে অন্যদের মধ্যে ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, সাবেক ছাত্রনেতা মাহবুব জামান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন হাবীব, হাক্কানী খানকা শরিফের সভাপতি ইমদাদুল হক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ প্রমুখ বক্তব্য দেন।জামায়াত নিষিদ্ধের দাবিতে মানববন্ধনএদিকে একই দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করে শহীদ রুমী স্কোয়াডসহ কয়েকটি সংগঠন। এ সময় তাদেরকে ‘আন্দোলনের নামে প্রহসন বন্ধ কর, মুক্তিযুদ্ধ সবার কারো বাপ-দাদার নয়, বাংলার মাটিতে জামায়াত-শিবির-রাজাকারের অস্তিত্ব দেখতে চাই না’ প্রভৃতি প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। একই সময়ে একই দাবিতে জাদুঘরের গেইটে ‘ফাঁসির দাবিতে গণ-অবস্থান’ নামে আর একটি ব্যানারের অধীনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।