জামায়াত-শিবির ভীত হয়ে হামলা চালাচ্ছে
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া প্রায় শেষপর্যায়ে, তাই জামায়াত-শিবিরচক্র ভীতসন্ত্রস্ত হয়ে পুলিশের ওপর চোরাগুপ্তা হামলা শুরু করেছে।আজ বৃহস্পতিবার বেলা একটায় কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।মন্ত্রী বলেন, গোলাম আযম ও নিজামীর মতো যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবে, তা জামায়াত-শিবিরচক্র ভাবতে পারেনি। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হলে দেশের মানুষের মধ্যে এটি এক বৈপ্লবিক পরিবর্তন আনবে, যা আমাদের রাজনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।’ পুলিশের ওপর জামায়াত-শিবিরের আক্রমণ কোনো নতুন ঘটনা নয়—এমন মন্তব্য করে তিনি সবাইকে তাদের মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মী সমাবেশ শেষে আন্ত-উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সৈয়দ আশরাফুল ইসলাম। পরে তিনি মৃতপ্রায় নরসুন্দা নদীকে লেকে পরিণত করার প্রকল্প উদ্বোধন করেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, রাজনীতিবিদ এম এ আফজলসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।