জামায়াত-শিবির শেষ কামড় দিতে চাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবির সারা দেশে শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, এ সময় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের নেতা আশরাফ আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। তিনি বলেন, ‘এটি সর্বজনীন দাবি। এই দাবি মুক্তিকামী মানুষের। কিন্তু বিচার যখন শেষ পর্যায়ে, যখন শিগগিরই রায় হবে, তখনই জামায়াত সারা দেশে শেষ কামড় দিতে চাচ্ছে।’আজ বৃহস্পতিবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারতে গিয়ে কথা দিয়েছেন যে তিনি কোনো জঙ্গি দলকে সমর্থন দেবেন না। কিন্তু তিনি বাংলাদেশের মানুষকে কোনো কথা দেননি। আর এ কারণেই খালেদা জিয়ার মদদে তিন দিন ধরে সারা দেশে জামায়াত-শিবির চক্র তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেন আশরাফ।আওয়ামী লীগের নেতা আশরাফ আরও বলেন, ‘জামায়াত-শিবিরের শেষ আর আমাদের শুরু। তাই দেশের সব মানুষের কাছে অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ থাকুন যাতে তারা ষড়যন্ত্র করতে না পারে।’ যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত নেতা-কর্মীরা রাজপথ ছাড়বে না বলে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘গত তিন দিনে পুলিশ অনেক ধৈর্য ধরেছে। কিন্তু আমি নির্দেশ দিয়েছি, তারা আর অন্যায় মানবে না।’ তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের জামায়াত-শিবিরের কর্মীদের দেখামাত্র আটক করে পুলিশে খবর দেওয়ার জন্য আহ্বান জানান। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোলাম আযমকে এ দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। আর খালেদা জিয়া তাঁকে নাগরিকত্ব দিয়েছিলেন। তাই আজকে জামায়াত সারা দেশে তাণ্ডব চালাচ্ছে।’ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ। প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল পুরানা পল্টন থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।