জামায়াত-শিবিরকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে: মুজাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে চিরুনি অভিযানের নামে জামায়াত-শিবিরকে রাজপথের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। তাঁর দাবি, সরকার ইসলামি আন্দোলনকে ধ্বংস করতেই এসব ষড়যন্ত্র করছে। আজ সোমবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুজাহিদ এসব কথা বলেন।মুজাহিদ অভিযোগ করেন, গত এক বছরে নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করার জন্যই সরকার সারা দেশে জামায়াত-শিবিরসহ বিরোধী দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।সরকারের নানা বাধাবিপত্তি ও গ্রেপ্তার অভিযান সত্ত্বেও সব কর্মসূচি সফল করায় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মুজাহিদ। তিনি নতুন করে আগামী ২ মার্চ বন্দী মুক্তি দিবস, ৪ মার্চ জুলুম-নির্যাতন প্রতিরোধ দিবস এবং ৯ মার্চ মানবাধিকার দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি সারা দেশে শান্তিপূর্ণ সমাবেশ-মিছিল ও আলোচনা সভার মাধ্যমে ঘোষিত এসব কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সব শাখার প্রতি আহ্বান জানান।মুজাহিদ অভিযোগ করে বলেন, সারা দেশে এ পর্যন্ত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সাত শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২৪৭ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে মুজাহিদ বলেন, এ ঘটনার বিচার-বিভাগীয় তদন্ত দরকার। কিন্তু সেটি না করে সরকার জামায়াত-শিবিরসহ বিরোধী দলকে কঠোর হস্তে দমন করার হুমকি দিচ্ছে। মুজাহিদ বলেন, ছাত্রীদের মধ্যে ইসলামী ছাত্রশিবির নামের কোনো সংগঠন নেই। তবে ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি রুচিশীল, শালীন, স্বতন্ত্র ইসলামী ছাত্রী সংগঠন কাজ করে। এটি একটি আইনানুগ বৈধ ছাত্রীসংগঠন।সংবাদ সম্মেলনে সংগঠনের নায়েবে আমির মকবুল আহমাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান, ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।