জামায়াত-শিবিরের আট নেতার নির্দেশনায় হামলার ঘটনা ঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যার সময় ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুল আলম ওরফে গোলাপ জামায়াতে ইসলামীর চার নেতা ও ছাত্রশিবিরের চার নেতার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করেছিলেন। তাঁদের দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হামলার ঘটনা ঘটে। এ হামলায় দেড় শতাধিক শিবির কর্মী যোগ দেয়। ফারুক হত্যার ঘটনায় গ্রেপ্তার করা বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকরাম হোসাইন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা জানান।ফারুককে র্যাব সদস্যরা ৭ মার্চ রাতে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর থেকে গ্রেপ্তার করেন। গত শুক্রবার রাতে রাজশাহী মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সূত্র জানায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইকরাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার দিন বিকেল সোয়া চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বিনোদপুর বাজারে শিবিরের ওয়েলফেয়ার মেসে একটি বৈঠক হয়। শামসুল আলমের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ১০০ শিবির কর্মী উপস্থিত ছিলেন। ওই বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এগুলো হলো ছাত্রলীগের কেউ কোনো তর্কবিতর্ক করলে ছাড় দেওয়া হবে না। তাঁকে যেখানে পাওয়া যাবে, সেখানেই মার দেওয়া হবে। এ ছাড়া ১৩ ফেব্রুয়ারির শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন শোভাযাত্রায় বাধা দিলে প্রতিহত করা হবে।ইকরাম জানান, বিনোদপুরের মেসে সভা চলাকালে মুজিব হল ছাত্রশিবিরের সভাপতি ফোনে জানান, ওই হলে ছাত্রলীগ কর্মীরা তাঁদের নিজ নিজ সিটে উঠতে চাইছেন। এ কথা শোনার পর ওই সভা থেকে গোলাপ ১০ জন কর্মী মুজিব হলে পাঠিয়ে ছাত্রলীগকে প্রতিহত করতে বলেন। ছাত্রশিবিরের কর্মীরা মুজিব হলে গিয়ে ছাত্রলীগ কর্মী আসাদ ও কাওসারকে মারধর শুরু করেন। তখন পুলিশ বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। ইকরাম জানান, ওই বৈঠক থেকেই বিশ্ববিদ্যালয়ে হামলা করতে পাঁচটি হলের জন্য পাঁচটি দল গঠন করা হয়। দলগুলো হলো জোহা, মাদার বক্স ও সোহরাওয়ার্দী হলের জন্য গোলাপের নেতৃত্বে ৩০ জন, মুজিব ও শেরেবাংলা হলের জন্য মোবারক হোসেনের নেতৃত্বে ৪০ জন, তাফসিরের নেতৃত্বে লতিফ হলের জন্য ৩০ জন, হবিবর ও জিয়া হলের জন্য হাফেজ মাসুদের নেতৃত্বে ৩৫ জন এবং আনিসের নেতৃত্বে আমীর আলী ও শাহ মখদুম হলের জন্য ৩৫ জনকে মনোনীত করা হয়। এ ছাড়া ছাত্রলীগের মেসে হামলার জন্য বিনোদপুর বাজারের সাইফুদ্দিন ইয়াহিয়ার নেতৃত্বে ৫০ জনকে দায়িত্ব দেওয়া হয়। এ দলগুলো রাত ১২টার দিকে একযোগে হামলা চালায়। ইকরাম আরও বলেন, হামলার সময় তিনি গোলাপের কাছেই ছিলেন। এ সময় দেখতে পান, গোলাপ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম, শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক দেলোয়ার হোসেন সায়েদী, রাজশাহী মহানগর সভাপতি তৌহিদুর রহমান ওরফে সুইট ও মহানগরের সাবেক সভাপতি নূর মোহাম্মদ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করছিলেন। একইভাবে তিনি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ ও মহানগরের আমির আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের দিকনির্দেশনামতো হামলার ঘটনা ঘটে। ইকরাম তাঁর জবানবন্দিতে বলেন, রাত তিনটার দিকে শাহ মখদুম হল থেকে আনিস ফোন করে গোলাপকে বলেন, ওই হলের ছাত্র ফারুক মাথায় আঘাতে মারা গেছেন। এরপর তাঁর কথামতো লাশটি ম্যানহোলে ফেলে দেওয়া হয়। ইকরাম জানান, ফারুক, আনিস, আহাদ, বাপ্পী, শিহাব, গাজী ও রাজু মিলে লাশটি ম্যানহোলে ফেলে দেন।ইকরাম বলেন, এসব ঘটনার পর তাঁরা শহরের খড়খড়ি এলাকায় জামায়াতের স্থানীয় নেতা হামিমের বাসায় আশ্রয় নেন। সেখানে শিহাব তাঁকে বলেন, এস এম হলের আনিস ও আহাদের মারধরে ফারুক মারা যান। এর পরের দিন তিনি নিজের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে গিয়ে আত্মগোপন করেন। তবে এ সময় তিনি মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা করছিলেন। ইকরাম বলেন, তাঁর বাড়ি সিরাজগঞ্জের করশালিকা গ্রামে। ওই গ্রামের মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করে ২০০৪ সালে তিনি ইসলামী শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তাঁর বড় ভাই রাজশাহীর নওহাটা পৌরসভা শাখা জামায়াতের সেক্রেটারি।