সারা দেশে গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। আচমকা ককটেল বিস্ফোরণ আর ভাঙচুর দিয়ে রাজধানীতে আবারও তাণ্ডব চালান জামায়াত-শিবিরের কর্মীরা। দেশজুড়ে সংঘর্ষে ১০ জনের মতো গুলিবিদ্ধ হয়েছেন। জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, সরকারের নির্যাতন বন্ধ, দলের নেতা-কর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে গতকাল দেশব্যাপী জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি ছিল।রাজধানী: গতকাল বায়তুল মোকাররমের উত্তর ফটকে সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়ে পায়নি জামায়াত। এ কারণে দলটি নাশকতায় নামতে পারে বলে আগে থেকেই ধারণা করছিলেন পুলিশের কর্মকর্তারা। প্রস্তুতিও ছিল। পুলিশ জানায়, বেলা দেড়টার দিকে ব্যস্ত বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজার এলাকায় নিরীহভাবে দাঁড়িয়ে থাকা কিছু তরুণ হঠাৎই মারমুখী হয়ে যানবাহন ভাঙচুর ও ককটেল ফাটাতে শুরু করেন। এ এলাকায় শিবিরের দুই কর্মীকে গুলি ছুড়তেও দেখেছেন কয়েকজন পথচারী ও স্থানীয় লোক। এখানে একজন নারী পথচারী ও পাঁচজন সন্দেহভাজন শিবিরের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রাবার বুলেট-ছররা গুলি লেগে ও সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের দুই সদস্যসহ অন্তত ২০ জন। রাজধানীর প্রধান বাণিজ্যিক এলাকা মতিঝিলে জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সেখানেও বেশ কিছু ককটেল ফাটানো হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের আগে উত্তেজিত জনতা ধাওয়া করে শিবিরের কর্মীদের একবার তাড়িয়ে দেন। পুলিশ মতিঝিল এলাকা থেকে ৪৪ জন এবং কারওয়ান বাজার ও পান্থপথ এলাকা থেকে ২৯ জনকে আটক করে।কারওয়ান বাজারের বিএসইসি ভবনের পাশের গলির ফ্লেক্সিলোডের ব্যবসায়ী শাহাদত হোসেন বলেন, বেলা দেড়টার দিকে তাঁর দোকানের পাশে চায়ের দোকানে চা পান করছিল কিছু লোক। কিছু লোক সড়ক-ফুটপাতে দাঁড়িয়ে ছিল। প্রায় সবাই বয়সে তরুণ। বেশ কয়েকজনের পিঠে ছিল ব্যাগ। এরাই হঠাৎ করে ব্যাগ থেকে ইটপাটকেল বের করে ‘নারায়ে তাকবির’ ধ্বনি দিয়ে প্রধান সড়কে গিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে। ফার্মগেটের দিক থেকে পুলিশের একটি দল ছুটে এলে এরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। সঙ্গে ককটেল ফাটাতে শুরু করে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারওয়ান বাজার আম্বর শাহ জামে মসজিদের সামনে থাকা কয়েকজন বলেন, পুলিশ ও জামায়াত-শিবিরের কর্মীদের মধ্যে ১৫-২০ মিনিট ধরে সংঘর্ষ চলে। পুলিশ এ সময় রাবার বুলেট দিয়ে গুলি করে। আলেয়া বেগম নামে হাতে রাবার বুলেটের আঘাত পাওয়া একজন নারী বলেন, এখানে পুলিশ কয়েকজনকে ধরে ফেলে। শিবিরের কর্মীদের একটি দল তিতাস ভবনের নিচতলায় রাখা পাঁচটি গাড়ি ভাঙচুর করে। পান্থপথের একজন ব্যবসায়ী বলেন, প্রায় একই সময় বসুন্ধরা সিটির উল্টোদিক থেকে শিবিরের কিছু কর্মী ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ শুরু করেন। গ্রিন রোড প্রান্তে থাকা পুলিশ তাঁদের ধাওয়া দিলে সংঘর্ষ বেধে যায়। তখন শিবিরের কর্মীরা প্রচুরসংখ্যক ককটেল ফাটান। এখানে কয়েকজন শিবিরের কর্মীকে গুলিও ছুড়তে দেখা যায়। পুলিশও প্রচুর গুলি ছোড়ে। পুলিশের ধাওয়ায় অলিগলিতে ঢুকে পড়েন শিবিরের কর্মীরা। বেলা দুইটার মধ্যে সরাসরি সংঘর্ষ থেমে গেলেও এলাকাজুড়ে বেলা পৌনে তিনটা পর্যন্ত থেমে থেমে ককটেল বিস্ফোরিত হয়।পুলিশ ঘটনাস্থল থেকে ও অলিগলিতে তল্লাশি চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হয়েছেন পাঁচ সন্দেহভাজন শিবিরের কর্মী। তাঁরা হলেন: কবীর হোসেন (২৬), হামিদুর রহমান মাহমুদ (৩৩), ইয়াকুব (২৪), মোস্তাফিজ (২৮) ও হুমায়ুন (২২)। হাফিজা আক্তার (২২) নামের এক গার্মেন্টসকর্মী পিঠে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবীর বলেন, পুলিশের কাছে তথ্য ছিল জামায়াত-শিবির বিক্ষোভ করবে। এ কারণে তেজগাঁওয়ের বিভিন্ন এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন ছিল। শিবিরের কর্মীরা পুলিশকে গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: বিকেল সোয়া পাঁচটার দিকে কয়রা উপজেলা সদরে তিন রাস্তার মোড়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলাকালে পুলিশের সাত কর্মকর্তা ও জামায়াত-শিবিরের দুই কর্মী গুলিবিদ্ধ হন। কয়রা থানার ওসি মীর খায়রুল কবির বলেন, জামায়াত-শিবির সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ছাড়া বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। কিন্তু এর পরও পুলিশের ওপর হামলা অব্যাহত থাকলে রাইফেলের গুলি ছোড়া হয়। নোয়াখালী: বেলা সাড়ে তিনটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শহরের পৌর বাজার থেকে মিছিল বের করেন। মিছিলটি জামে মসজিদের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলকারীরা পৌর বাজারে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ২৫টি গুলি ছোড়ে। একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা পিছু হটে গোদার মসজিদ এলাকার দিকে যান। প্রায় একই সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জামায়াত-শিবিরকে ধাওয়া দেন। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, পুলিশের গুলিতে জামায়াতের জেলা শুরা সদস্য তাজুল ইসলামসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মোট ১৫ জন নেতা-কর্মী আহত হন। এ ছাড়া আওয়ামী লীগের কর্মীরা জামায়াতের কার্যালয়ে ভাঙচুর চালান এবং আসবাব বাইরে নিয়ে আগুন দেন। ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুব রশীদ বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াত-শিবিরের ১২ জন কর্মীকে আটক করা হয়েছে। সাতক্ষীরা: জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের পৃথক হামলায় চার কর্মকর্তাসহ পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। এ ছাড়া দুই কনস্টেবলকে একটি বাসে তুলে নেন জামায়াত-শিবির কর্মীরা। বাসটি ধাওয়া করে থামাতে বাধ্য করে পুলিশ। বাসে থাকা জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ থানার ওসি আলী আহমেঞ্চদ মাসুদ জানান, পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়া দুটি রাইফেল উদ্ধার করা হয়। এদিকে বিকেলে জামায়াতের পক্ষ থেকে সাতক্ষীরা সার্কিট হাউস মোড় এলাকায় মিছিল বের করলে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে সাধারণ মানুষ বাধা দেয়। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এদিকে পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) অমল রায় জানান, বেলা চারটার দিকে ইঞ্জিনচালিত পাঁচ-ছয়টি ভ্যানে করে ৫০-৬০ জন জামায়াত-শিবিরের কর্মী লাঠিসোঁটা নিয়ে সাতক্ষীরার দিকে আসেন। সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশমাইলে তাঁদের বাধা দিলে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় পাটকেলঘাটা থানার ওসি ও একজন কনস্টেবল আহত হন। সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, কালীগঞ্জ থেকে জামায়াতের রুকন রুহুল কুদ্দুস, ইউছুপ আলীসহ ১০৩ জন, দেবহাটায় পাঁচজন এবং সাতক্ষীরা সদরে একজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেপ্তার করা হয়। ভোলা: বিকেলে শহরের বরিশাল দালান এলাকা থেকে জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে। মহাজনপট্টি রোডে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ভোলা থানার ওসি বেলায়েত হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের ১৩টি শেল নিক্ষেপ করে।