জামায়াত-শিবিরের কাছে সরকার অসহায়: সিপিবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ বলেছেন, ‘জামায়াত-শিবির হচ্ছে অপশক্তি। জনগণকে নিয়েই এই অপশক্তিকে রুখতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, জামায়াত-শিবিরের কাছে সরকার যেন অসহায়।’ আজ শুক্রবার সিলেটে যুব ইউনিয়নের ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সৈয়দ আবু জাফর আহমদ।সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকার খেলছে। এটা সরকারের একটা কৌশল। এই বিচারের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিচারে দেরি হওয়ায় এখন স্বাধীনতাবিরোধীরা নৈরাজ্য শুরু করেছে।’সিপিবির জেলা শাখার সভাপতি রমেন্দ্র কুমার চন্দের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সংগঠক হাসান তারিক চৌধুরী, সিলেট জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক প্রমুখ।