বড় কোনো সহিংসতা ছাড়াই গতকাল বৃহস্পতিবার রাজধানীতে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে রাজপথে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের তেমন উপস্থিতি ছিল না। পিকেটাররা বিক্ষিপ্তভাবে কয়েকটি চোরাগোপ্তা হামলা চালিয়ে ও অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান।হরতালের কারণে নগরের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। নগরে বাস-মিনিবাসসহ যানবাহন চলাচল ছিল কম। তবে দূরপাল্লার কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।‘আলেম-ওলামাদের ওপর নির্যাতনের প্রতিবাদ ও জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে’ এই হরতাল ডাকে দলটি। একদিকে হরতাল, আরেক দিকে সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ থাকায় গতকাল শহরজুড়ে ছিল আতঙ্ক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা থাকলেও জন চলাচল ছিল কম।আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে সভা, সমাবেশ ও মানববন্ধন করেছে। নগরে হরতালবিরোধী মিছিল করেছেন শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। সচিবালয় এলাকায় ছিল কড়া নিরাপত্তা। পিকেটিং করার অভিযোগে বিভিন্ন এলাকা থেকে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।আসাদগেটে পুলিশের সঙ্গে সংঘর্ষ: বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত-শিবিরের ১৫-২০ জন কর্মী আসাদগেট ও কলেজগেটের মাঝামাঝি স্থানে একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে ককটেল এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাসটির সামনের কাচ ভেঙে যাত্রী চন্দ্রা বেগমের (৩৫) গালের বাঁ দিকে গুরুতর আঘাত লাগে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হরতালকারীরা তাদের ওপর ককটেল ও ইট ছোড়ে। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ গুলি ছুড়লে শিবিরের দুই কর্মী আহত হন। তাঁদের গ্রেপ্তার করে পুলিশ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে।পুলিশ চন্দ্রা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।পরে আসাদগেটে জামায়াত-শিবির মিছিল বের করে। মিছিল থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেখানে একজন গুলিবিদ্ধ হন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সকাল সাড়ে ছয়টার দিকে হরতাল-সমর্থকেরা মিরপুরে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সন্ধ্যা সাতটার দিকে মিরপুর ১ নম্বরে ২০টি ককটেল বিস্ফোরিত হয়।পুরান ঢাকায় শিবিরের কর্মীদের বিক্ষোভ: পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় হরতালের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। সকাল সাতটার দিকে হরতালের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যান। সকাল ১০টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পেছনের সড়কে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যান শিবিরের কর্মীরা। মীরহাজিরবাগে একটি বাস ভাঙচুর করেন পিকেটাররা। এ সময় একজনকে আটক করা হয়। ঢাকা নদীবন্দর সূত্র জানায়, সকাল ছয়টা থেকে বিকেল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল থেকে ৩১টি লঞ্চ এসেছে। সদরঘাট থেকে ছেড়ে গেছে ১৪টি লঞ্চ।ফার্মগেটে ঝটিকা মিছিলে পুলিশের গুলি: সকাল সাতটার দিকে ছাত্রশিবির হরতালের সমর্থনে ফার্মগেটে তেজগাঁও কলেজের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে গোয়েন্দা পুলিশ সাতজনকে আটক করে। এ সময় পুলিশের গুলি ও লাঠিপেটায় পাঁচজন আহত হয়।সক্রিয় আওয়ামী লীগ: হরতালে দিনভর রাজপথে সক্রিয় ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন সড়ক ও অলিগলিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল করেছে। মোটরসাইকেলে করে হরতালবিরোধী স্লোগান দিতে দিতে তরুণদের দল বেঁধে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে দেখা গেছে।বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হরতালবিরোধী অবস্থানের সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, শাহবাগের তরুণ প্রজন্ম সারা দেশে গণজাগরণ সৃষ্টি করেছে। ওলামা-মাশায়েখরাও জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।এদিকে সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ায় আনন্দ মিছিল হয়েছে বিভিন্ন স্থানে। বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মিছিল নিয়ে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ আওয়ামী সমর্থক বিভিন্ন সংগঠন পল্টন এলাকা প্রদক্ষিণ করে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের নেতৃত্বে যুবলীগ আনন্দ মিছিল করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও হরতালবিরোধী মিছিল করে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠন আদালতের রায়কে স্বাগত জানিয়ে মিছিল করে।