জামায়াত-শিবিরের দুই হাজার সমর্থককে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় পুলিশের ওপর জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের হামলার ঘটনায় গত সোমবার রাতে একটি নিয়মিত মামলা হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনূস বাদী হয়ে জামায়াত-শিবিরের প্রায় দুই হাজার নেতা-কর্মী-সমর্থককে আসামি করে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনা হয়। কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, মামলায় জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মমিনুল হক চৌধুরীসহ ২৯ জনের নাম উল্লেখপূর্বক দুই হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। সোমবার বিকেলে জামায়াত-শিবির মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ অবস্থায় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পাঁচ পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।এদিকে সোমবার ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীর মধ্যে যাচাই-বাছাই শেষে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ছয়জন সাধারণ পথচারী ও মসজিদের মুসল্লি ছিলেন বলে জানা গেছে। বাকিদের পুলিশ গতকাল আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আনিসুর রহমান আগামী রোববার এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেন।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘জামায়াত-শিবিরের কর্মীদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছে কোতোয়ালি থানার পুলিশ। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেন। ওই দিন বাদীকে মামলার নথিসহ (কেস ডায়েরি) আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দেন আদালত।’জামায়াতের কর্মসূচি: আন্দরকিল্লায় সোমবারের সংঘর্ষের ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করে জামায়াত পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ বুধবার থেকে তারা কর্মসূচি পালন করবে। আজ পয়লা বৈশাখে নববর্ষের শুভেচ্ছাসহ গণসংযোগ, কাল বৃহস্পতিবার পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময়, ১৬ ও ১৭ এপ্রিল নগরের বিভিন্ন থানায় প্রতিবাদ সমাবেশ এবং ১৮ এপ্রিল ‘ভাত চাই, কাজ চাই’ দাবিতে নগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের চন্দনপুরায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাংসদ শামসুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।জামিন: ১২ ফেব্রুয়ারি জামালখান এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় উচ্চ আদালতের নির্দেশে জামায়াতের সাংসদ শামসুল ইসলাম গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। শুনানির পর মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে হাইকোর্টের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি এম এ রাজ্জাকের সমন্বয়ে গঠিত বেঞ্চ শামসুল ইসলামকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার নির্দেশ দেন।