পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়েতে (পূর্বাঞ্চল) অতিরিক্ত ৩৯টি কোচ সংযোজন করা হচ্ছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কোচ কম হওয়ায় ঘরমুখী মানুষকে দুর্ভোগ পোহাতে হতে পারে।রেলওয়ে সূত্রে জানা গেছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় ট্রেনের অনেক কোচে আগুন দেওয়া হয়। এ কারণে কেবল পূর্বাঞ্চলে ১৮ আন্তনগর ট্রেনে ২২টি কোচের সংকট দেখা দেয়। জামায়াত-শিবিরের নাশকতার প্রভাব এবার রেলের ওপর ভালোভাবে পড়েছে।সূত্র জানায়, এবারের ঈদে বাড়তি কোচ সংযোজনের ঘোষণায় কিছু ফাঁক রয়েছে। কারণ, আগে থেকেই এবার ২২টি কোচ নেই। এবার নতুন ৩৯টি সংযোজন করার ঘোষণা দেওয়া হলেও প্রকৃতপক্ষে ঈদে মাত্র ১৭টি অতিরিক্ত কোচ দেওয়া হচ্ছে। এই ১৭টি কোচ দিয়ে প্রতিদিন সর্বোচ্চ আড়াই হাজার যাত্রী পরিবহন হতে পারে। সূত্র আরও জানায়, গত ছয় বছরে ট্রেনের বহরে নতুন কোচ যুক্ত হয়নি। দীর্ঘদিন ধরে আমদানিও হচ্ছে না। এ কারণে কোচসংকটে ভুগছে রেলওয়ে পূর্বাঞ্চল। রেল সূত্র জানায়, প্রতিবছর ঈদে আন্তনগর ট্রেনে দুটি থেকে পাঁচটি পর্যন্ত অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থা করা হতো। এবার ঢাকা মেইল, চট্টলা এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, সাগরিকা ও রংপুরগামী ট্রেনে সর্বোচ্চ দুটি করে অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেসে সংযোজন হচ্ছে অতিরিক্ত মাত্র একটি কোচ। এ ছাড়া গোধূলী, পাহাড়িকা, উদয়ন, উপকূল এক্সপ্রেস, এগার সিন্ধু, তিস্তা, জালালাবাদ এক্সপ্রেসসহ আরও কয়েকটি ট্রেনে একটি করে কোচ সংযোজন করা হচ্ছে।রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘পূর্বাঞ্চল থেকে এবার পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। দুই জোড়া দিয়ে চট্টগ্রাম-চাঁদপুর রুটে যাত্রী পরিবহন করা হবে। এক জোড়া চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ পথে। আর ঢাকা থেকে খুলনার পথে এক জোড়া এবং পার্বতীপুরের পথে আরও এক জোড়া ট্রেন চলাচল করবে। এই পাঁচ জোড়া ট্রেন চালানোর জন্য আমরা আরও ৫৫টি কোচ দিচ্ছি।’রেল কর্মকর্তারা জানান, এ সরকারের আমলে কয়েক দফায় নতুন ইঞ্জিন কেনার ফলে এবারের ঈদে ইঞ্জিনের তেমন সংকট থাকবে না।