জামায়াত-শিবিরের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও নোয়াখালীতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সহস্রাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা হয়েছে। রাজশাহী: গতকাল মঙ্গলবার বিকেলে নগরের সাহেব বাজার এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেছেন। আর পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে দ্বিতীয় মামলাটি করেছেন এসআই শহীদুল ইসলাম। ওসি আরও জানান, শহীদুল ইসলামের মামলায় সাত দিনের এবং নজরুল ইসলামের মামলায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের অভিযান চলছে।নোয়াখালী: নোয়াখালী শহর ও সেনবাগ উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত ও শিবিরের ৯২০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় পুলিশ জেলা জামায়াতের আমির আবদুল মোনায়েমসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের আজ নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, জেলা শহরের পৌর বাজার এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল রাতে দ্রুত বিচার আইনে একটিসহ পৃথক দুটি মামলা করেন। মামলায় ৬৭ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৫৫০ জনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়।অন্যদিকে, সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে জামায়াত-শিবিরের মিছিলের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় গতকাল রাতে ৩১৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন এসআই শেখ আকরাম হোসেন। মামলায় ১১৩ জনের নাম উল্লেখ করা হয় এবং বাকি ২০০ জনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়।জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান ও সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) এয়াছিন ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।