জামায়াত-শিবিরের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সিলেট ও লক্ষ্মীপুরে এই দুই সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার ও আজ রোববার পুলিশ বাদী হয়ে এই মামলা করে। সিলেট: সিলেট নগরের দর্শন দেউড়ি এলাকায় গতকাল বিকেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নাম উল্লেখ করে ৯৯ জন ও অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। এ মামলায় আজ সন্ধ্যা পর্যন্ত ৩০ জনকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে।পুলিশ জানায়, দর্শন দেউড়ি এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করতে গিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন। পুলিশ এ হামলা প্রতিহত করতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। হামলাকারীদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আজ কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খুরশেদ আলম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় জামায়াতের নগর আমির এহসানুল মাহবুব, শিবিরের নগর শাখার সভাপতি আনোয়ারুল ওয়াদুদসহ ৯৯ জন নেতার নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাইনুদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাতে ও আজ ভোরে ৩০ জনকে আটক করে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।লক্ষ্মীপুর: গতকাল বিকেলে লক্ষ্মীপুর জেলা সদরের গোডাউন রোডে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জেলা জামায়াতের আমির রুহুল আমীন ভূঁইয়া, সেক্রেটারি মফিজুল ইসলামসহ নাম উল্লেখ করে ৩০ জন ও অজ্ঞাতনামা ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের কর্তব্যে বাধা, দাঙ্গা ও বিস্ফোরক আইনে গতকাল রাতে লক্ষ্মীপুর থানার এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলার তদন্তপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ তত্পরতা চালাচ্ছে।