জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জাতি ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব। আজ শনিবার দুপুরে ঢাকা কলেজে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে নৈতিক শিক্ষার গুরুত্ব এবং আশুরার তাত্পর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ধর্মকে যারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করে, তাদেরও প্রত্যাখ্যান করতে হবে। জাতীয় ঐক্য থাকলে অনেক আগেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা যেত। ইসলাম শান্তির ধর্ম, এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। তাই ঐক্যবদ্ধ হলে তাদের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব।’ঢাকা কলেজের অধ্যক্ষ আয়েশা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, সাবেক সচিব মো. শাহজাহান সিদ্দিকী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, মুহাম্মদ আবদুর রশীদ প্রমুখ।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার এখন গোটা জাতির দাবি। ৪০ বছর আগের ঘটনার বিচার করা কঠিন কাজ। তবে এই কঠিন কাজে যাতে কোনো ভুল না হয়, সে জন্য আমরা সতর্কতা অবলম্বন করছি। আমরা আশা করি, ডিসেম্বর মাসেই শীর্ষস্থানীয় কয়েকজন যুদ্ধাপরাধীর বিচারের রায় হবে। এর মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।’তারেক রহমান দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না—বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এ বক্তব্যকে বছরের সেরা তামাশা বলে মন্তব্য করেন হানিফ। তিনি বলেন, ‘মা হিসেবে সন্তানের জন্মদিন পালন করবেন, সুস্থতা কামনা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা আশা করেছিলাম, তারেক রহমানের জন্মদিনে সন্তানের অপকর্মের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন। কিন্তু নির্লজ্জ মিথ্যাচার করলেন। হয়তো এটা একদিন ইতিহাসে লেখা থাকবে।’‘বাংলাদেশের মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বললেও বিদেশের মামলাকে কী বলবেন’—খালেদা জিয়ার প্রতি এমন প্রশ্ন রেখে হানিফ বলেন, ‘বাংলাদেশে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ থাকলেও বিদেশে তো কোনো প্রতিপক্ষ নেই। আপনার ছেলের বিরুদ্ধে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। সিঙ্গাপুরের ফেডারেল কোর্টে মামলায় সাত বছর কারাদণ্ড হয়েছে।’ বাসস।