জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পরিকল্পনা নেই
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। আজ বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথে এক জনসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জনসভায় সৈয়দ আশরাফ বলেন, ‘বিগত সময়ে অনেক মন্ত্রী-এমপিকে গরিবের রিলিফের গম-চাল নিয়ে ব্যবসায় ব্যস্ত থাকতে দেখেছি। কিন্তু বর্তমান সরকারের মন্ত্রী-এমপিরা জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমরা সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাট চাই না। দেশের উন্নয়ন ও জনগণের শান্তি চাই। তাই আমরা সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের প্রশ্রয় দিই না।’ বর্তমান সরকারের আমলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিশ্বনাথ উপজেলায় ১৪০ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়নকাজ হয়েছে বলে জানান তিনি। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে কি না—জনসভার পর সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা নেই। যুদ্ধাপরাধের বিচার দ্রুত করতেই সরকার সচেষ্ট।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সরকার গুমের রাজনীতিতে বিশ্বাসী নয়। তাই ইলিয়াস আলীকে সরকার গুম করেনি। সবার মতো সরকারও চায় ইলিয়াস আলী তাঁর পরিবারের মাঝে ফিরে আসুন।’উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মজম্মিল আলী। স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আ ন ম শফিকুল হক, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী, সহসভাপতি শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহ মোশাহিদ আলী প্রমুখ বক্তব্য দেন। এর আগে মন্ত্রী প্রায় এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে বিশ্বনাথ বাজার উন্নয়নকাজ ও প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদ মিলনায়তন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিএনপির অভিযোগবিশ্বনাথে মন্ত্রীর সফর উপলক্ষে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন সেলিম ও জেলার সাধারণ সম্পাদক আবদুল গফফার এক বিবৃতিতে অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে। সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে সরকার অপহরণ করে গুম করে রেখেছে। দেশে-বিদেশে তীব্র আন্দোলন গড়ে উঠলেও সরকার তাঁকে ফিরিয়ে দিচ্ছে না। বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা হওয়ায় বিগত দিনে এক যুগান্তকারী উন্নয়ন উপহার দিয়েছিলেন তিনি। এসব উন্নয়ন ঢাকতেই তাঁর ছবিসংবলিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছিড়ে ফেলা হয়েছে।’