হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বলেছেন, ‘কতিপয় সংবাদমাধ্যম হেফাজতে ইসলামের কর্মসূচির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক ও টাকাপয়সা লেনদেনের কাল্পনিক ঘটনা আবিষ্কারের জন্য উঠেপড়ে লেগেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, অর্থ নেওয়া তো দূরের কথা, জামায়াত-শিবিরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের লাভ লেনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজিজুল হক এসব কথা বলেন। তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের সব কর্মসূচি কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করা হয়, কারও ইচ্ছা বা মর্জিমাফিক নয়।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আজিজুল হক। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংগঠনের মহাসচিব জুনাইদ।দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হেফাজতে ইসলামের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পর্ক, বিভিন্ন ব্যক্তিকে হত্যার ফতোয়া, জামায়াতের কাছ থেকে অর্থ গ্রহণসহ বিভিন্ন খবরের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করে হেফাজতে ইসলাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসাহিত্য সম্পাদক আশ্রাফ আলী, যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী এবং জাকারিয়া নোমান ফয়েজি, আলমগীর মাসউদ, আবদুল জব্বার, আহসান উল্লাহ, ইলিয়াস ওসমানী, আনোয়ার হোসেন প্রমুখ। আলেম-ওলামা, বিশিষ্ট ব্যক্তি ও গণজাগরণ মঞ্চের কোনো কোনো উদ্যোক্তাকে হত্যা জায়েজ—হেফাজতে ইসলামের নামে বিলি করা এমন প্রচারপত্র প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, এই প্রচারপত্রের সঙ্গে হেফাজতে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা এটা ছাপিয়ে প্রচার করছে, তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।হেফাজতে ইসলামের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় দাবি করে বলা হয়, এটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় আন্দোলন। যারা বিভিন্ন লেখা, ব্লগ, বক্তব্য ও মন্তব্যে আল্লাহ-রসুল (সা.) ও ইসলামের ওপর আক্রমণ ও অবমাননা করে যাচ্ছে, তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতেই আন্দোল করছে হেফাজতে ইসলাম। আগামী ৬ এপ্রিল ঢাকামুখী লংমার্চের আগে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি মেনে নেওয়ার জন্য সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তা না হলে ওই দিন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সংগঠনটির নেতারা।