জামায়াত-শিবিরের হরতালে তেমন সাড়া মেলেনি
রাজশাহী বিভাগের আট জেলায় গতকাল মঙ্গলবার জামায়াতের ডাকা আধা বেলার হরতাল চারটি জেলায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। এ ছাড়া দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলা এবং কক্সবাজার ও বান্দরবানে ছাত্রশিবিরের ডাকা হরতাল কোথাও পালিত হয়নি। এদিকে গাজীপুরের কাপাসিয়ায় আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা ছাত্রদল। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: সিরাজগঞ্জ: শিবিরের ডাকা আধা বেলার হরতাল চলাকালে ভোরে সিরাজগঞ্জের শহিদগঞ্জে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিবিরের কর্মীরা। এ ছাড়া সকালে পৌর এলাকার বাহিরগোলা সড়কের শহিদগঞ্জ এলাকায় রাস্তার ওপরে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ করেন স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে হরতালের সমর্থনে কোথাও কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। সকাল পৌনে সাতটার দিকে শহরের শিবতলা মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে শিবিরের কর্মীরা জড়ো হলে পুলিশ ধাওয়া করে। শেরপুর (বগুড়া): হরতালে শেরপুরে জামায়াত-শিবিরের কর্মীরা হামলা চালিয়ে ঢাকা-উত্তরবঙ্গগামী মহাসড়কে চারটি গাড়ি ভাঙচুর করেছে। বেলা সোয়া আটটায় উপজেলার মহাসড়কের হামছায়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বাধা দিলে ক্ষুব্ধ কর্মীদের হামলায় আহত হন টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১টি রাবার বুলেট ছোড়ে। পুলিশ এ সময় স্থানীয় জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করে।জামায়াতের রাজশাহী জোনের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় শুরার সদস্য রফিকুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত রাজশাহী বিভাগে এ হরতালের ডাক দেয়।এদিকে, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মো. তারেক হোসাইনকে গ্রেপ্তারের প্রতিবাদে দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলায় এবং কক্সবাজার ও বান্দরবানে ছাত্রশিবিরের ডাকা হরতালে কোথাও সাড়া মেলেনি।