জামায়াত-শিবিরের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। প্রায় একই সময় জেলা শহরের ডিঙ্গাডোবা এলাকায় শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় দুই জায়গায় হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের সাত সদস্যসহ ৩২ জন আহত হন। পুলিশ ২০ জনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা পবার কাটাখালী পৌরসভার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলেন এবং টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা ফাঁকা রাস্তায় ককটেল ফাটান। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল ছোড়েন। পুলিশও পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। প্রায় আধা ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তার দক্ষিণ পাশে গ্রামের ভেতর ঢুকে পড়েন।সংঘর্ষ চলাকালে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহানের পায়ে ককটেলের স্প্লিন্টার আঘাত করে। এ সময় আরও তিন পুলিশ সদস্য এবং কাবিল হোসেন নামের স্থানীয় এক ফটোসাংবাদিক ককটেলের স্প্লিন্টারে আহত হন।ওসি জানান, তিনিসহ আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। জামায়াত-শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের গুলিতে তাদের অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।নগরের রাজপাড়া থানার ওসি আনিসুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ডিঙ্গাডোবা এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়ে পালিয়ে যান। এতে তিন পুলিশ সদস্য আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এস এম মনির-উজ-জামান জানান, পুলিশ জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে আটক করেছে।চট্টগ্রামে আবার হামলার চেষ্টা: পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা পৌনে দুইটার দিকে নগরের স্টেশন সড়কের বিআরটিসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। এ সময় তাঁরা গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশ মিছিলকারীদের ধাওয়া দেয় ও কয়েকটি রাবার বুলেট ছোড়ে। তখন নেতা-কর্মীরা পুরোনো স্টেশন ও বিআরটিসি মোড়ের একটি আবাসিক হোটেলে আশ্রয় নেন। পরে সেখানে তল্লাশি চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (এসি) মির্জা সায়েম মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে জামায়াত-শিবিরকর্মীরা পিছু হটে।’