জামায়াত-শিবিরের হামলায় আহত দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আহত ব্যাংক কর্মচারী মো. জাফর মুন্সী (৪৫) গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।জাফর মুন্সী অগ্রণী ব্যাংকের মতিঝিলের প্রধান কার্যালয়ের লিফটম্যান ছিলেন। তিনি ছিলেন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদের কার্যনির্বাহী সদস্য। স্বজনেরা অভিযোগ করেছেন, জামায়াত-শিবির জাফরকে পিটিয়েছিল। আর এতেই তাঁর মৃত্যু হয়।এদিকে চট্টগ্রামের লোহাগাড়ায় ৬ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত গ্রাম পুলিশ সদস্য বাহাদুর মিয়া গতকাল ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বাহাদুর মিয়ার (৫৫) বাড়ি লোহাগাড়ার আমিরাবাদ এলাকায়।পুলিশ ও অগ্রণী ব্যাংকের কর্মীরা জানান, গত বুধবার সকালে জামায়াত-শিবিরের ২০ জনের মতো কর্মী অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর করতে যান। এ সময় ব্যাংকের কর্মীরা জামায়াত-শিবিরের চার কর্মীকে আটক করেন। তাঁদের ছাড়িয়ে নিতে দলটির শতাধিক কর্মী লাঠিসোঁটা, চাপাতি ও রড নিয়ে অগ্রণী ব্যাংকের কর্মীদের ওপর চড়াও হন। এ সময় তাঁরা লিফটম্যান জাফরকে এলোপাতাড়ি পেটান। এতে তাঁর মাথা ও ঘাড়ে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্বজনেরা পরে তাঁকে নগরের গ্রিন রোডে অবস্থিত বেসরকারি গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করেন। সেখানে গতকাল দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান। মতিঝিল থানার পুলিশ তাঁর সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জাফরের জানাজা হয়। সেখান থেকে তাঁর লাশ শাহবাগের প্রজন্ম চত্বরে আনার চেষ্টা করলে পুলিশ বুঝিয়ে লাশটি স্বজনদের মাধ্যমে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়।স্বজনেরা জানান, জাফর মুন্সী কমলাপুরের মেসে থাকতেন। স্ত্রী জুলিয়া বেগম দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ভাঙ্গায় নিজ বাড়িতে থাকেন। বড় ছেলে যুবরাজ মুন্সী স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে।খবর পেয়ে জাফরের স্ত্রী গত বুধবার ঢাকায় এসে সারা রাত কেঁদে কাটিয়েছেন। মৃত্যুর পর তিনি কয়েকবার মূর্ছাও যান। হাসপাতালে বিলাপ করে বারবার তিনি বলছিলেন, ‘এখন আমার কী হবে, সন্তানদের নিয়ে আমি কোথায় দাঁড়াব।’ অবস্থা খারাপ দেখে তাঁকে আগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।স্বজনেরা জানান, জাফর মুন্সীর জমিজমা তেমন নেই। চাকরিই তাঁর একমাত্র অবলম্বন ছিল।জাফরের বড় ভাই মো. শাহাবুদ্দীন মিয়া অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি করেন।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শেখ নাজমুল হক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ব্যাংক কর্মচারী জাফর জামায়াত-শিবিরের হামলায় মারা গেছেন। এ ব্যাপারে পরিবার হত্যা মামলা করবে।বাহাদুরের মৃত্যুর ঘটনায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, বাহাদুরের মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করা হয়। ওই ঘটনায় করা মামলায় জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।৬ ফেব্রুয়ারি লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের বাঁশখালিয়া পাড়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের কর্মীরা লাঠি ও হকিস্টিক দিয়ে গ্রাম পুলিশের সদস্য বাহাদুর মিয়া ও মো. ইব্রাহিমকে বেদম মারধর করেন। ওই দিনই তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইব্রাহিম এখনো সেখানে চিকিত্সাধীন।শিবিরের প্রতিবাদ: ছাত্রশিবির গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাফর মুন্সী পুলিশের গুলি ও নির্যাতনে আহত হয়েছিলেন। ফলে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশের অপরাধের দায় শিবিরের ওপর চাপানোর অপপ্রয়াস সফল হবে না।