জামায়াত-শিবিরের ২২২ নেতা-কর্মী গ্রেপ্তার
দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার হরতালের সময় যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৫৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির আশঙ্কায় ও বিভিন্ন অভিযোগে এর আগের দিন সোমবার আরও ৬৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান, নীলফামারীর ডোমার উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হক, মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রুহুল আমীন, যশোর জেলা শিবিরের সাবেক সভাপতি ও দুই নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল্লাহ আল মামুন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি ফুয়াদ উদ্দিন, বগুড়ার দুপচাঁচিয়া পৌর জামায়াতের সেক্রেটারি মোখলেছার রহমান ও প্রচার সম্পাদক বেলাল হোসেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলা জামায়াতের বায়তুল মাল (ত্রাণবিষয়ক) সম্পাদক মো. খলিল উল্লাহ ও নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাঁ ইউনিয়ন জামায়াতের আমির মো. হানিফ।গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মধ্যে পাবনার বিভিন্ন স্থান থেকে ২৪ জন, কক্সবাজারে ১৭ জন, সাতক্ষীরা ও রাজশাহী থেকে ১৩ জন করে, খুলনা নগর ও লক্ষ্মীপুর থেকে ১০ জন করে, ফেনীর সোনাগাজী, চট্টগ্রামের মিরসরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঁচজন করে, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় চারজন, যশোরের কেশবপুর উপজেলা ও ফেনী থেকে তিনজন করে; সিলেট, জয়পুরহাট, গাইবান্ধা ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দুজন করে রয়েছেন।