জামায়াত-শিবিরের ৭২ নেতা-কর্মী আটক
রাজশাহী, গাইবান্ধা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৭২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ও গতকাল সোমবার তাঁদের আটক করা হয়। রাজশাহী: রাজশাহী নগরের তিনটি থানা ও গোয়েন্দা পুলিশ গতকাল পৃথক অভিযান চালিয়ে শিবিরের ৩৫ জন নেতা-কর্মীকে আটক করে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।গাইবান্ধা: গাইবান্ধায় আজ শিবিরের মিছিলে পুলিশ বাধা দেয়। শিবির-পুলিশ সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে জামায়াতের স্থানীয় চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে গতকাল রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলা থেকে গতকাল রাতে জামায়াতের ১৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। ঝালকাঠি: নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারেন এমন আশঙ্কায় আজ সকালে জেলার নলছিটি পৌর জামায়াতের সেক্রেটারি সুলতান মাহমুদসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।