জামায়াত-সংশ্লিষ্ট জঙ্গিদের সন্দেহ তদন্ত কমিটির!
পোশাকশ্রমিক সংগঠক আমিনুল ইসলামকে হত্যার সম্ভাব্য তিনটি কারণ চিহ্নিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এর মধ্যে জামায়াতে ইসলামীর আওতাভুক্ত কোনো জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে বলে বিশেষভাবে মনে করছে কমিটি।তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকারও প্রথম আলোকে বলেন, ‘আমাদের মনে হয়েছে, জামায়াতে ইসলামীর আওতাভুক্ত কোনো জঙ্গি সংগঠন আমিনুল হত্যায় জড়িত থাকতে পারে।’এই সন্দেহের কারণ হিসেবে তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত সংসদ নির্বাচনে আমিনুল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় জোরালোভাবে সম্পৃক্ত ছিলেন। তাই জামায়াতের আওতাভুক্ত কোনো জঙ্গি সংগঠন এ হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।তদন্ত কমিটির এ ধারণাকে সম্পূর্ণ ‘আজগুবি’ বলে মনে করছে আমিনুলের পরিবার ও তাঁর সংগঠনের সহকর্মীরা। আমিনুলের স্ত্রী হোসনে আরা প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী স্থানীয় ফালাক মেম্বারের (ফালাক মৃধা) সঙ্গে গত নির্বাচনে প্রচারণায় অংশ নিয়েছিলেন। আর ফালাক মেম্বার আওয়ামী লীগের সমর্থক। তবে এর আগে দুই জাতীয় নির্বাচনে আমিনুল বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন। তিনি বলেন, তবে এ নিয়ে কারও সঙ্গে কোনো বিরোধ হয়নি তাঁর। আর আমিনুলের সংগঠন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) নির্বাহী পরিচালক কল্পনা আক্তারের মতে, সরকার দায় এড়ানোর জন্য তদন্ত প্রতিবেদনে এ রকম অসার কথাবার্তা উল্লেখ করে থাকতে পারে। তিনি বলেন, আমিনুল এমন কোনো কেউকেটা হয়ে যাননি যে তাঁকে কোনো জঙ্গি সংগঠন হত্যা করবে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে কখনোই জড়িত ছিলেন না। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, আমিনুলকে এলাকার লোকজন বিএনপির সমর্থক হিসেবে জানতেন। তাঁকে গত ১২ মার্চ ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন পুলিশ সারা দিন তাঁদের কার্যালয়ে বসিয়ে রাখে। সমাবেশ শেষে ছেড়ে দেওয়া হয়। বিসিডব্লিউএস নামের একটি বেসরকারি সংস্থার সংগঠক এবং বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা আমিনুল ইসলাম গত ৪ এপ্রিল কর্মস্থল আশুলিয়া থেকে নিখোঁজ হন। পরদিন ৫ এপ্রিল পুলিশ তাঁর ক্ষতবিক্ষত লাশ পায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘাটাইল থানা এলাকায়। এ হত্যার ঘটনাটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে। গত ১৬ এপ্রিল মাইন উদ্দিন খন্দকারকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটি সম্প্রতি স্বরাষ্ট্রসচিবের কাছে নয় পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।সম্ভাব্য অপর দুই কারণ: তদন্ত প্রতিবেদনে হত্যার সম্ভাব্য বাকি দুটি কারণ সম্পর্কে বলা হয়, আমিনুল যেহেতু শ্রমিকদের অধিকার সম্পর্কে শিক্ষা দিতেন, সেহেতু পোশাকশিল্প খাতের কোনো মহল নিজেদের স্বার্থে ভাড়াটে খুনি দিয়ে তাঁকে হত্যা করাতে পারে। আবার ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে আমিনুলের পরিবারের একাধিকবার ঝগড়া হয়েছে। তার জের ধরেও এ ঘটনা ঘটতে পারে।তবে পারিবারিক বিরোধের জের ধরে হত্যার সম্ভাবনাও নাকচ করে দেন আমিনুলের স্ত্রী। তিনি বলেন, ‘গ্রামে থাকলে টুকটাক ঝগড়া-বিবাদ হয়। কিন্তু এর জন্য কেউ মাইরা ফেলবে, এমন কোনো ঘটনা নাই।’এনএসআইয়ের সোর্স প্রসঙ্গে: আমিনুলের সহকর্মীরা শুরু থেকে বলে আসছেন, বিয়ে পড়ানোর কথা বলে আমিনুলকে ডেকে নিয়েছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ (তথ্যদাতা) হিসেবে পরিচিত মোস্তাফিজুর রহমান। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আমিনুলের সঙ্গে মোস্তাফিজুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমিনুলের মৃত্যুর ছয় মাস আগে রিং শাইন টেক্সটাইলের শ্রমিক প্রতিনিধি গোলাম আজমকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। মুক্তি পেয়ে গোলাম আজম জানান, তাঁর গ্রেপ্তারের ক্ষেত্রে মোস্তাফিজের হাত ছিল। এর পর থেকে মোস্তাফিজকে এনএসআইয়ের সোর্স হিসেবে জানতেন আমিনুল। তখন মোস্তাফিজের সঙ্গে আমিনুল ও তাঁর সংগঠনের সম্পর্কের অবনতি হয়। যেদিন থেকে আমিনুল নিখোঁজ হন, সেদিন থেকে মোস্তাফিজকেও আর খুঁজে পাওয়া যায়নি। তদন্ত কমিটি এ-ও মনে করে, মোস্তাফিজকে গ্রেপ্তার করলে আমিনুল হত্যার অনেক তথ্য বের হয়ে আসবে। কমিটি মামলাটির তদন্তভার সিআইডিতে স্থানান্তরের সুপারিশ করেছে। সিদ্ধান্তহীন আলোচনা: তদন্ত প্রতিবেদনে আমিনুল হত্যার বিষয়ে কিছু কথা বলা হয়েছে, কিন্তু কোনো উপসংহার টানা হয়নি, যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যেমন বলা হয়েছে: কর্মজীবনে আমিনুল বিভিন্ন সময় আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার হাতে আটক হয়েছেন। এ কারণে বিভিন্ন আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আমিনুলের যোগাযোগ ছিল। আমিনুল কোনো সংস্থার সোর্স হিসেবে কাজ করতে পারেন, এ সন্দেহে তাঁর সংগঠন বিসিডব্লিউএস আমিনুলের ওপর বিশ্বাস হারিয়ে ফেলতে পারে। এ বিষয়ে বিসিডব্লিউএসের নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেন, ‘এটা পুরোপুরি মিথ্যা একটা কথা। আমিনুলের ওপর তাঁর সংগঠন কখনোই আস্থা হারায়নি। তাঁকে হত্যার পর বিচারের দাবিতে আমরা সোচ্চার হয়েছি, পরিবারের পাশে দাঁড়িয়েছি।’প্রতিবেদনের আরেকাংশে বলা হয়েছে, গত ৩ এপ্রিল আমিনুল হত্যার এক দিন আগে শান্তা গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ হয়। এর জন্য আমিনুল বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আঞ্চলিক সভাপতি আলী রেজা চৌধুরী ও তাঁর অনুসারীদের দায়ী করেন। বিষয়টি আমিনুল বেপজার কর্মকর্তা শাহজাহান কবীরকে মুঠোফোনে জানান। এ নিয়ে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সঙ্গে আমিনুল ও তাঁর সংগঠনের বিরোধ চলে আসছিল। এ ছাড়া শান্তা গ্রুপের মধ্যম সারির কিছু কর্মকর্তা পরিকল্পিতভাবে এ অসন্তোষ সৃষ্টি করেছিলেন বলে শ্রমিকেরা আমিনুলকে জানান। শান্তা গ্রুপ থেকে ঝুট কাপড় ক্রয়কারী এক ব্যবসায়ী অসন্তোষ নিরসনের জন্য আমিনুলের অন্য এক সহকর্মীকে দিয়ে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এর সঙ্গে হত্যার কী যোগসাজশ, সে সম্পর্কে প্রতিবেদনে কিছু বলা হয়নি।শ্রমিকনেতা আলী রেজা চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁর সঙ্গে আমিনুলের এ রকম কোনো ঘটনা ঘটেনি।