‘নাস্তিক’ ব্লগারদের বিচারের দাবিতে মহাসমাবেশ
জামায়াত-হেফাজতের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা চায় আহলে সুন্নাত
রাসুল (সা.) ও ইসলামের অবমাননাকারী কথিত নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবি করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত। একই সঙ্গে ‘নৈরাজ্যকর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের’ জন্য হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত মহাসমাবেশ থেকে এসব দাবি করেছে সুন্নিয়ত, খানকা ও তরিকতপন্থী হিসেবে পরিচিত ধর্মভিত্তিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জমা’আত। সমাবেশ থেকে ১২ দফা দাবিতে আগামী ২৫ মে ঢাকায় সুন্নি মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। তার আগে ২৭ এপ্রিল হবিগঞ্জ ও ১১ মে নারায়ণগঞ্জে জেলা সমাবেশের কর্মসূচি দেওয়া হয়। সমাবেশে জঙ্গিবাদ ও নাস্তিক্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বক্তারা অভিযোগ করেন, হেফাজতে ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েমের চক্রান্তে লিপ্ত। বাংলাদেশকে আফগানিস্তান বানানোর জন্য ষড়যন্ত্র করছে। তাঁরা দাবি করেন, ‘সরকার হেফাজতি ও জামায়াতিদের ওপর ভর করে চলছে, ভোটের অঙ্ক কষছে। কিন্তু ক্ষমতায় কে বসবে, তা ভবিষ্যতে সুন্নিরাই নির্ধারণ করবে।’মহাসমাবেশে সভাপতিত্ব করেন ইমাম-এ আহলে সুন্নাতের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী। তিনি বলেন, ‘আমরা রাসুল (সা.) ও ইসলামের অবমাননাকারী নাস্তিক ব্লগারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি। আমরা আজকের সমাবেশ শুধু আংশিক কর্মসূচি ঘোষণা করেছি। সারা দেশের জন্য পূর্ণাঙ্গ কর্মসূচি পাবেন ২৫ মে।’বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, এ সরকার ক্ষমতায় বসে প্রথমেই কওমি মাদ্রাসার আলেমদের সঙ্গে মতবিনিময় করে। সুন্নি আলেমদের সঙ্গে বসেনি। অথচ এই কওমিরা এখন সরকারের গদি নিয়ে টানাটানি করছে। তিনি বলেন, ‘ফটিকছড়িতে জামায়াত ও হেফাজতের আক্রমণের পরও সরকারের লোকজন হাতে চুড়ি পরে বসে আছেন। কিন্তু আমরা সেভাবে বসে থাকব না। সুন্নি আলেমদের ওপর কোনো হামলা হলে আমরা তা প্রতিহত করব।’চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব মুহাম্মদ জালালুদ্দিন আল্কাদেরী বলেন, ‘ইসলামের নামে কোনো হামলা নেই, ইসলামের নামে কোনো বিশৃঙ্খলা নেই। তবে আমাদের জান-মালের ওপর যদি হামলা আসে, তা মোকাবিলার জন্য সুন্নি-জনতা প্রস্তুত আছে।’ হেফাজতে ইসলামের বিভিন্ন নেতার প্রকাশনা তুলে ধরে কাজী মঈনুদ্দীন আশরাফী অভিযোগ করেন, এসব প্রকাশনায় আল্লাহ ও রাসুল (সা.)কে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।আরও বক্তব্য দেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী, মু্ফতি ওবাইদুল হক নঈমী, ইদ্রিছ রেজভী, আজিজুল হক আল্কাদেরী, সাইফুর রহমান নিজামী শাহ্, মুহাম্মদ নুরুল মুনাওয়ার, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ প্রমুখ। ১২ দফা দাবি: মহাসমাবেশে ১২ দফা দাবি পড়ে শোনান আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। দাবিগুলো হলো: ১. ফেসবুক ও ব্লগসহ বিভিন্ন মাধ্যমে আল্লাহ-রাসুল (সা.) ও ইসলামের অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জাতীয় সংসদে আইন সংস্কার এবং সব অভিযুক্তের বিচার নিশ্চিত করা, ২. সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজন, ৩. সব দলের সঙ্গে সংলাপের মাধ্যমে দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য পদক্ষেপ নেওয়া, ৪. হরতাল বন্ধ করতে জাতীয় সংসদে আইন পাস করা, ৫. নারী উন্নয়ন নীতিমালা থেকে কোরআন-সুন্নাহবিরোধী অংশ বাদ দেওয়া, ৬. জঙ্গি প্রজননকেন্দ্র হিসেবে চিহ্নিত ওয়াহাবিবাদী কওমি মাদ্রাসাগুলো সরকারি সিলেবাসের আওতাভুক্ত করে অভিন্ন মাদ্রাসা শিক্ষানীতি বাস্তবায়ন, ৭. ইসলামের নামে হেফাজত-জামায়াতের ধ্বংসাত্মক ও নৈরাজ্যকর কর্মকাণ্ড কঠোর হাতে দমন, ৮. তাবলিগ জামাতের আড়ালেও জঙ্গিবাদী বিদেশি তালেবান গোষ্ঠী বাংলাদেশে অনুপ্রবেশ করে দেশীয় জঙ্গিদের যোগসাজশে নাশকতার পাঁয়তারা চালাচ্ছে। তাই তাবলিগি কার্যক্রম সরকারি নজরদারিতে আনা, ৯. সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইসলামি শিক্ষাদানের জন্য উপযুক্ত কামিল-ফাজিল পাস শিক্ষক নিয়োগ এবং পাঠ্যপুস্তকে ইসলামের মৌলিক আকিদা ও বিধিবিধানের বিকৃত বন্ধ করা, ১০. নাস্তিক, মওদুদী, ওয়াহাবি, কাদিয়ানিসহ সব ভ্রান্ত মতবাদের প্রকাশনা বাজেয়াপ্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, ১১. মিয়ানমারসহ বিভিন্ন দেশে মুসলমানদের ওপর চলমান সহিংসতা বন্ধে জাতিসংঘ, বিশ্ব মুসলিম নেতাদের ও বাংলাদেশ সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা এবং ১২. সুন্নি ওলামা-মাশায়েখ ও বিভিন্ন মাজার-খানকার নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে গণমাধ্যমকর্মী ও পুলিশসহ নিরীহ জনতার ওপর হামলা, হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিচার দাবি।প্রসঙ্গত, এ ১২ দফার মধ্যে প্রথম দুই দফা হেফাজতের ইসলামের ১৩ দফার মধ্যেও আছে। এ ছাড়া ৫ ও ১০ নম্বর দফার সঙ্গেও হেফাজতের দাবির আংশিক মিল রয়েছে।