জামায়াত ’৭১ সালের মতোই সহিংস আচরণ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজপথে অবস্থান নিয়ে দেশবাসীকে জামায়াতের ডাকা হরতাল প্রতিরোধের ডাক দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। তবে ২৫ দিন ধরে চলা এই আন্দোলনের অহিংস মনোভাব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে সহিংসতা সৃষ্টিকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ারও পরামর্শ দিয়েছেন তাঁরা। সমাবেশ থেকে বলা হয়, দেশে জামায়াত-শিবির একাত্তর সালের মতোই সহিংস আচরণ করেছে।গতকাল শুক্রবার বিকেল চারটা ২০ মিনিটে প্রজন্ম চত্বরের জাগরণ মঞ্চে শুরু হওয়া ওই সমাবেশে ছাত্রলীগের নেতারা জনগণকে বাঁশ ও লাঠি নিয়ে হরতালের দিন উপস্থিত থাকা এবং শিবির ও ছাত্রদলের কর্মীদের দেশপ্রেমিক জনতার কাতারে শামিল হওয়ার আহ্বান জানান।মঞ্চ থেকে জানানো হয়, কাল (আজ) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ হবে। সব সরকারি, বেসরকারি ও আবাসিক ভবনে এবং গাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানানো হয়। এ কর্মসূচিতে বাধা দিলে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন নেতারা। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে বিভিন্ন ছাত্র ও যুবসংগঠনের নেতারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন। জামায়াত-শিবিরের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান তাঁরা।আগের দিনগুলোর মতোই স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ চত্বর। ‘হই হই রই রই, রাজাকাররা গেলি কই’, ‘ঘরে ঘরে দুর্গ গড়ো, জামায়াত-শিবির প্রতিরোধ করো’। মূল সমাবেশ শেষে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ইপশিতা স্লোগান দিয়ে সমাবেশস্থলকে উদ্দীপ্ত রাখে। টানা আধা ঘণ্টা ধরে তার বিরামহীন স্লোগানের সঙ্গে জনতাও কণ্ঠ মেলায়।সমাবেশে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, ‘কোনো নৈরাজ্য ও সহিংসতাকে গণজাগরণ মঞ্চ প্রশ্রয় দেবে না।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করে তাদের মাধ্যমে জামায়াত-শিবিরের সহিংসতা মোকাবিলা করার আহ্বান জানান তিনি।ইমরান বলেন, ‘১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় রাজাকার আলবদর বাহিনী দেশবাসীর ওপর যে হামলা চালিয়েছিল, আজ সেই একই শত্রু আমাদের সামনে। তারা দেশের ২০টি জেলায় একযোগে হামলা ও ত্রাস সৃষ্টি করেছে। হিন্দু ভাইদের ঘরবাড়ি ও উপাসনালয়ে তারা হামলা চালিয়েছে।’ মুসলমানদের হিন্দুদের পাশে থাকার আহ্বান জানান তিনি। দেশের ১৬ কোটি মানুষ যদি চার ফুট পথ হাঁটে, তাহলে জামায়াত-শিবির গর্তে লুকানোরও জায়গা পাবে না বলে মন্তব্য করে তিনি দেশবাসীকে গণঐক্য গড়ে তোলার আহ্বান জানান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘খালি হাতে আর আন্দোলন নয়, লাঠি ও বাঁশ নিয়ে হরতাল প্রতিরোধ করতে হবে।’সমাবেশের শুরুতে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রী, বিপ্লবী ছাত্রমৈত্রী, জাসদ ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন।বিএনপির হরতাল অনাকাঙ্ক্ষিত: বিএনপি আহূত ৫ মার্চের হরতালকে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত মনে করছে গণজাগরণ মঞ্চ। গতকাল রাত ১০টার দিকে গণজাগরণ মঞ্চ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন ইমরান এইচ সরকার।ইমরান বলেন, সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সারা দেশে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের সংগঠিত সহিংসতার পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থানে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে তীব্র হতাশা ব্যক্ত করা হচ্ছে। তিনি বলেন, ‘বিএনপির প্রতি আমাদের আহ্বান, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী জামায়াতে ইসলামী এবং তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্রশিবিরকে বর্জন করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহযোগিতামূলক ভূমিকা রাখবেন।’