জামায়াত-শিবিরের অতর্কিত হামলার ঘটনায় সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত কয়েক দফায় বৈঠক করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসব বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভবিষ্যতে রাজধানীর রাস্তায় জামায়াতে ইসলামীকে আর এ ধরনের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। এ ঘটনায় দ্রুতবিচার আইনে দায়ের করা সব মামলার অভিযোগপত্র সাত দিনের মধ্যে দেওয়ার চিন্তাভাবনা করছে পুলিশ। মহানগর পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।সূত্রগুলো জানায়, ভবিষ্যতে এ ধরনের সহিংস পরিস্থিতি মোকাবিলায় নতুন কৌশল নির্ধারণের চিন্তাভাবনা করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার জামায়াত-শিবিরের কর্মীদের আচরণ রাজনৈতিক দলের কর্মীদের মতো ছিল না। রাজনৈতিক কর্মসূচির চেয়ে পুলিশের ওপর আক্রমণই ছিল তাঁদের কাছে মুখ্য। ভবিষ্যতে যাতে তাঁরা এ ধরনের কিছু ঘটানোর সুযোগ না পান, সেই লক্ষ্যে নতুন কর্মকৌশল নির্ধারণ করা হচ্ছে।রাজধানীর কাকরাইল ও বিজয়নগর এলাকায় গত সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলে বাধা দিলে পুলিশের ওপর হামলা চালান জামায়াত-শিবিরের কর্মীরা। এতে পুলিশের ৩৮ জন সদস্য আহত হন। তাঁদের ছয়জনের অবস্থা গুরুতর। হামলার সময় পুলিশের সাতটিসহ ১৫টি গাড়িতে আগুন দেওয়া হয়।পুলিশের কর্মকর্তারা বলেন, রাজধানীতে সাম্প্রতিক সময়ে কোনো ঘটনায় পুলিশের এত সম্পদের ক্ষতি হয়নি এবং একসঙ্গে এত সদস্য আহত হননি।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সোমবার রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপর গতকাল সকালে মহানগর পুলিশের কর্মকর্তারা দুই দফা বৈঠক করেন। বৈঠকে কাকরাইল ও বিজয়নগরের দায়িত্ব পালনকারী উপকমিশনাররা উপস্থিত ছিলেন।বৈঠকের একটি সূত্র জানায়, সোমবার পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ব্যর্থতার কয়েকটি কারণ চিহ্নিত করা হয়। বৈঠকে বলা হয়, জামায়াত এ রকম প্রস্তুতি নিয়ে মাঠে নামছে, পুলিশের কাছে এ-সংক্রান্ত আগাম তথ্য ছিল না। জামায়াতের প্রস্তুতি এবং এ ধরনের কর্মসূচি নিয়ে সংবাদপত্রে আগাম খবর প্রকাশিত হলেও গোয়েন্দা সংস্থাগুলো থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগাম কোনো তথ্য দেওয়া হয়নি। তাই পুলিশের ভালো প্রস্তুতি ছিল না।মহানগর পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, কাকরাইল ও বিজয়নগরে গত সোমবার ২৬ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু তাদের কাছে দাঙ্গা দমনের ভারী কোনো সরঞ্জাম ছিল না। তাদের ধারণা ছিল, আগের মতো বাধা দিলেই জামায়াতের কর্মীরা মিছিল ফেলে পালিয়ে যাবেন।পুলিশের আরেক কর্মকর্তা বলেন, পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে সোমবার বেলা ১১টায় জামায়াতের বিক্ষোভ-সমাবেশের ব্যাপারে তথ্য দেওয়া হয়। এতে স্থানের উল্লেখ ছিল না। এ কারণে কোথায় সমাবেশ হবে, সে ব্যাপারে পুলিশ আগে থেকে নিশ্চিত হতে পারেনি।এ ছাড়া দাঙ্গা দমনের জন্য পুলিশের সরঞ্জামগুলো ঠিকভাবে কাজ করেনি। সোমবারের ঘটনায় আহত হওয়া পুলিশের রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তাঁর দল নিয়ে তিনি ছিলেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের উল্টো দিকে। সেখানে দুই দিক থেকে জামায়াতের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। অবস্থা বেগতিক দেখে তাঁরা পাশে রূপায়ণের করিম টাওয়ারের গাড়ির পার্কিংয়ের ভেতরে ঢুকে পড়েন। জামায়াতের কর্মীরা সেই ভবনে ঢোকার চেষ্টা করলে ভেতর থেকে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কিন্তু শটগানের গুলি ১০ গজের বেশি এগোয়নি।কৃষ্ণপদ রায় বলেন, গুলির চেয়ে বরং ইটের টুকরা বেশি কার্যকর ছিল। একইভাবে কাঁদানে গ্যাসের শেলও তেমন কাজে আসেনি। পরে পুলিশ একটি সাঁজোয়া যান নিয়ে এলে সেটিও জামায়াতের কর্মীদের ঘেরাওয়ের মুখে পড়ে। ওই যানটি আর এগোতে পারেনি।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, ঘটনার সময় দায়িত্ব পালনকালে তিনি লক্ষ করছিলেন, বিজয়নগরে পথচারীর মতো কিছু লোক হাঁটাচলা করছে। দেখে তাঁর সন্দেহ হয়। তিনি ও সহকারী পুলিশ কমিশনার এমন কয়েকজনকে সন্দেহ করে জিজ্ঞাসা করতে গেলে সঙ্গে সঙ্গে জামায়াত-শিবিরের কয়েক শ কর্মী তাঁদের ঘিরে ফেলেন এবং হামলা শুরু করেন। অতর্কিত এই হামলা পুলিশ আর নিয়ন্ত্রণ করতে পারেনি।প্রত্যক্ষদর্শী পুলিশের আরেক কর্মকর্তা বলেন, ওই সময় মতিঝিলের উপকমিশনার প্রাণ বাঁচাতে হোটেল ৭১-এর ভেতরে আশ্রয় নেন। ডিবির কয়েকজন কর্মকর্তা ইসলামী ব্যাংক হাসপাতালের নিচের এটিএম বুথে ঢুকে নিজেদের আড়াল করেন।মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ইব্রাহিম ফাতেমী বলেন, সোমবারের ঘটনার পর পুলিশ তাদের কৌশল পরিবর্তন করছে। ভবিষ্যতে আর যাতে এ ধরনের ঘটনায় পুলিশের ক্ষয়ক্ষতি না হয়, সে ব্যাপারে পুলিশ তৎপর থাকবে।