জামায়াতকে কঠোর হাতে দমনের আহ্বান সাংসদদের
দেশজুড়ে জামায়াত-শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ড দমনে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সাংসদেরা। আজ রোববার সংসদের অনির্ধারিত আলোচনায় তাঁরা এ আহ্বান জানান। সাংসদেরা বলেন, তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে লড়ছে, ধর্মের বিরুদ্ধে নয়। তাঁরা বলেছেন, জামায়াতকে নিষিদ্ধ করা হবে, ধর্মভিত্তিক দল নয়। জামায়াত-শিবির একাত্তরের মতো ধর্মকে ব্যবহার করে দেশব্যাপী সহিংসতা চালাচ্ছে। সংসদে অনির্ধারিত এ আলোচনার সূত্রপাত করেন সরকারি দলের সদস্য সুবিদ আলী ভূঁইয়া। আলোচনার শুরুতে সুবিদ আলী ভূঁইয়া বলেন, ‘পবিত্র ইসলামকে ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠী যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে। তারা হত্যা, নানা রকম ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। প্রজন্ম চত্বরের যোদ্ধা রাজীব হায়দারকে তারা নির্মমভাবে হত্যা করেছে।’ তিনি আরও বলেন, শুক্রবার দেশবাসী জামায়াত-শিবিরের তাণ্ডব দেখেছে। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে তারা দেশের পতাকা জ্বালিয়েছে। ভেঙেছে শহীদ মিনার। তারা কেমন মুসলিম যে মসজিদের নামাজের চাদর পর্যন্ত পুড়িয়ে দেয়।’ তোফায়েল আহমদ বলেন, ‘বঙ্গবন্ধুর প্রণীত সংবিধান তাঁকে হত্যার পর একজন সেনাশাসক তছনছ করে দিয়েছিল, যার কারণেই দেশের আজ এ অবস্থা। বঙ্গবন্ধুর সংবিধানেই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। জামায়াত-শিবির আজ কোন পর্যায়ে গিয়েছে? গত শুক্রবার তারা একাত্তরের মতো শহীদ মিনার ভেঙেছে, গণজাগরণ মঞ্চ ভেঙেছে, পতাকা পুড়িয়েছে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে। এই দলের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না।’ জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে তোফায়েল আহমদ বলেন, জামায়াত বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না। জামায়াতের হরতালে বিএনপি সমর্থন দিয়ে প্রমাণ করেছে, তারাও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়।শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘ধর্মপ্রাণ মুসলমানদের খেপিয়ে তোলার জন্যই জামায়াত ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে। “আমার দেশ” ও “নয়াদিগন্ত” দেশবাসীকে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে। আমরা ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চাই না। দেশের স্বাধীনতায় বিশ্বাস না করা জামায়াতকে নিষিদ্ধ করার উদ্যোগ চাই। বিএনপির সঙ্গে জামায়াতের কোনো পার্থক্য নেই। এরাও স্বাধীনতাবিরোধী এবং ষড়যন্ত্রকারী। এদেরও বিচারের আওতায় আনা হবে।’ স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বলেন, ‘শাহবাগে যখন তরুণদের আন্দোলন চলছে, তখন শুক্রবারের ঘটনাটি আমাদের অশনিসংকেত। ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে আগুনের হোলি খেলছে। কারা শহীদ মিনার ভেঙেছে, কারা পতাকা পুড়িয়েছে। তারা কি আদৌ ইসলামের শক্তি। সরকারে উচিত সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে যে অপশক্তি মাথাচাড়া দিয়েছে, তাদের দমন করা।’