জামায়াতকে নিষিদ্ধ করতে চাই ঐকমত্য: হানিফ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে হলে জাতীয় ঐকমত্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।আজ মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।জামায়াতের সাম্প্রতিককালের কর্মকাণ্ড দেখে তাদের নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তাকে যৌক্তিক বলে মনে করেন আওয়ামী লীগের নেতা হানিফ। তিনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দেশের প্রধান বিরোধী দল যদি ফ্যাসিস্ট সংগঠন জামায়াত-শিবিরকে উসকানি দেয়, তাদের নিয়ে রাজপথে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়, সে ক্ষেত্রে এদের নিষিদ্ধ করতে সরকার প্রতিবন্ধকতার সম্মুখীন হয়।গতকাল সোমবার রাজধানী ঢাকাসহ সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার কথা অস্বীকার করেন হানিফ; বরং ওই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে বলে দাবি করেন তিনি। গতকাল সচিবালয়ের সামনে জামায়াত-শিবিরের সহিংসতার আগাম খবর না পাওয়া সম্পর্কে তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার ব্যর্থতা কি না, বলতে পারব না। তবে ওই এলাকার দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতা কিছুটা হলেও অনুভব হয়েছে। ভবিষ্যতে সংরক্ষিত এলাকায় এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়েছে।’ তবে এ ঘটনায় সরকারের কোনো ব্যর্থতা নেই দাবি করে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ভবিষ্যতে এ রকম ঘটনা ঘটলে সরকার সর্বশক্তি প্রয়োগ করবে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। হানিফ আরও বলেন, ‘আমরা আশা করি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবির প্রতি গোটা দেশের মানুষ একমত পোষণ করবে। দেশের মানুষ চাইলে সরকার দাবি বাস্তবায়ন করার উদ্যোগ নিতে পারবে।’সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের সময়ে হিযবুত তাহ্রীর মতো ছাত্রসংগঠন নিষিদ্ধ হলে শিবিরকে কেন আইন করে নিষিদ্ধ করা হচ্ছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সংসদে সব বিল পাস করা যায় না। জামায়াত-শিবিরের আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না? তাও জানতে চান সাংবাদিকেরা। এর উত্তরে হানিফ বলেন, ‘এ মুহূর্তে আমরা যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে চাই। পরে জামায়াত-শিবিরসহ সব জঙ্গি সংগঠনের অর্থ সরবরাহে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ ৩০ জানুয়ারি জামায়াতের ডাকা বিক্ষোভ সমাবেশের জন্য অনুমতি দেওয়া হবে কি না, জানতে চাইলে হানিফ সরাসরি কোনো উত্তর না দিয়ে অভিযোগ করেন, বিনা কারণে জামায়াত রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে নিজেদের ফ্যাসিস্ট দল হিসেবে পরিচয় দিয়েছে। এই মুহূর্তে এ ধরনের কোনো ফ্যাসিস্ট সংগঠনকে রাজপথে নামিয়ে জনগণের সম্পদ ধ্বংসের অনুমতি কোনো বিবেকবান মানুষ দিতে পারে না।

যুদ্ধাপরাধীদের বিচারের শেষ পর্যায়ে বিএনপি-জামায়াত সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের নেতা হানিফ। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।