জামায়াত-শিবিরকে প্রতিহত করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার যুবলীগের কর্মীদের উদ্দেশে বলেন, ‘যেখানেই জামায়াত-শিবির ও সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা দেখবেন, সেখানেই তাদের প্রতিহত করবেন। তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করবেন।’স্বরাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানের জবাবে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘অফিসে ঢুকে জামায়াত খুঁজে পান না, আর এখন বলছেন, জনগণকে জামায়াত-শিবির খুঁজতে হবে। যুবলীগ কেন তাদের খুঁজবে। এটা তাদের কাজ নয়।’যুবলীগের চেয়ারম্যান প্রশ্ন করেন, ‘তাহলে এসবি, ডিবি বা অন্যান্য গোয়েন্দার কাজ কী? তাদের পেছনে জনগণের লক্ষ-কোটি টাকা খরচ করে লাভ কী?’ তিনি আরও বলেন, জামায়াত-শিবির প্রকাশ্যে কর্মসূচি ঘোষণা করেছে, মানুষ হত্যা করছে, সম্পদ নষ্ট করছে। তাদের এসব কর্মকাণ্ড প্রতিরোধ না করতে পারার ব্যর্থতা আইনশৃঙ্খলা রক্ষাকারীদের। পুলিশের মধ্যে জামায়াত-শিবির থাকতে পারে বলেও সন্দেহ করেন ওমর ফারুক। তিনি আরও বলেন, ‘শব্দবোমা নিক্ষেপ করার রাজনীতি করতে চাই না। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে যুবলীগের দায়িত্ব দিয়েছেন জনমত সৃষ্টি করার জন্য।’গতকাল বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের যুব সংগঠনের সমন্বয়ে গঠিত যুব সংগ্রাম পরিষদের এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী ও যুবলীগের চেয়ারম্যান এই পরস্পরবিরোধী অবস্থান নেন। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সমাবেশের প্রধান অতিথি আর যুবলীগের চেয়ারম্যান ছিলেন সভাপতি। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়ে চলে যাওয়ার পর যুবলীগের চেয়ারম্যান বক্তব্য দেন। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবিবের ‘তাণ্ডবের’ ঘটনায় পুলিশ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছে। হাতিয়ার ছিনিয়ে নেওয়া সত্ত্বেও পুলিশ ধৈর্যচ্যুত হয়নি। কারণ, তারা গণতান্ত্রিক বাহিনী।স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ওমর ফারুক বলেন, ‘আপনারা কি আগে খবর পাননি, জামায়াত-শিবির এ কাজ করবে? কী করেছেন? পুলিশকে মার খাইয়েছেন। আরে, সহনশীলতা না দেখিয়ে মরণশীল হয়ে যান।’সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও পুলিশের ‘সহনশীল’ আচরণের সমালোচনা করেন। তিনি জামায়াত-শিবিরের নৈরাজ্য ঠেকাতে পাড়া-মহল্লায় ‘যুব প্রতিরোধ বাহিনী’ গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর, জাতীয় যুব ঐক্যের সভাপতি খায়রুল আলমসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন।স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ: জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে বিকেলে রাসেল স্কয়ারে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ। এ সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাশ্বের চৌধুরী। বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাসেল স্কয়ার থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গিয়ে শেষ হয়।এর আগে বেলা ১১টার দিকে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।