জামায়াতকে বাদ দিয়ে ধর্মভিত্তিক নতুন জোট
‘ইমান ও দেশ রক্ষা আন্দোলন’ নামে ধর্মভিত্তিক নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে নতুন এই জোট ‘ইসলামবিরোধী সব তৎপরতা বন্ধ এবং আল্লাহ-রাসুল ও কোরআন-সুন্নাহ বিষয়ে ব্যঙ্গ-বিদ্রূপকারীদের’ কঠোর শাস্তির দাবিতে আগামী শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে।জোটের নেতাদের দাবি, জামায়াতবিষয়ক বিতর্ক এড়াতে এ জোটে জামায়াতে ইসলামী বা তাদের সমর্থিত কোনো দল বা সংগঠনকে রাখা হয়নি। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মাওলানা নূর হোসাইন কাসেমী এ জোটের আহ্বায়ক। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি শাহ আহমাদ শফিকে উপদেষ্টা করা হয়।সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নূর হোসাইন কাসেমী বলেন, ‘আমরা সম্পূর্ণ জামায়াতে ইসলামীর আদর্শবিরোধী।’ তিনি জানান, আজ বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালেও তাঁদের জোটের সমর্থন নেই।ধর্মভিত্তিক নয়টি দল ও দেশের শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে এই জোট গঠিত হয়েছে বলে জানানো হয়। জোটের ২৩ সদস্যের কমিটিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস (ইসহাক), খেলাফত মজলিস (হাবিবুর রহমান), নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন ও খেলাফতে ইসলামীর শীর্ষ নেতারা এবং ঢাকা ও আশপাশের ১১টি কওমি মাদ্রাসার আলেমরা রয়েছেন।সংবাদ সম্মেলনে আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমীর লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুল হক। লিখিত বক্তব্যে বলা হয়, ইমান ও ইসলামবিরোধী সব তৎপরতা বন্ধ এবং আল্লাহ-রাসুল ও কোরআন-সুন্নাহ বিষয়ে ব্যঙ্গ-বিদ্রূপকারীদের কঠোর শাস্তির দাবিতে সারা দেশে তৌহিদি জনতা আন্দোলন করছে। এই আন্দোলনে ইতিমধ্যে বেশ কয়েকজন মারা গেছেন। অনেকেই গ্রেপ্তার এবং হামলা-মামলার শিকার হয়েছেন। এ অবস্থায় বিক্ষিপ্ত এই আন্দোলনকে সুশৃঙ্খল রূপদানের লক্ষ্যে দেশের শীর্ষ উলামা-মাশায়েখ ও সঠিক ইসলামি আকিদায় বিশ্বাসী রাজনৈতিক দল ও অরাজনৈতিক ব্যক্তিত্বের সমন্বয়ে ‘ইমান ও দেশ রক্ষা আন্দোলন’ গঠিত হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, ‘কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আন্দোলন করছি না। চলমান যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গেও আমাদের এ আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই।’জোটটি সরকারের প্রতি ছয় দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হচ্ছে স্বঘোষিত নাস্তিক-মুরতাদরা নিজেদের ব্লগে ইসলাম, আল্লাহ, রাসুল, কোরআন-সুন্নাহ সম্পর্কে চরম অবমাননাকর যেসব জঘন্য মন্তব্য দিয়েছে, সেগুলো অবিলম্বে বন্ধ করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া; ইসলামি রাজনীতি বন্ধের সব অপতৎপরতা বন্ধ; ব্লগে ধর্মের অবমাননার বিরুদ্ধে আন্দোলনকারীদের পুলিশি নির্যাতন ও হয়রানি বন্ধ, গত কয়েক দিনের আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও এসব হত্যায় জড়িতদের বিচার দাবি করা।