জামায়াতকে বিক্ষোভ-মিছিল-সমাবেশ না করার পরামর্শ ডিএমপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অনাকাঙ্ক্ষিত বক্তব্য না দেওয়ার জন্য দলটির নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এই পরামর্শ দেয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় আদালত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশ মোতাবেক আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর মাধ্যমে পুলিশ আইনগত বাধ্যবাধকতা পালন করেছে। তাই এর বিরুদ্ধে কোনো ধরনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান আদালত ও আইনের প্রতি অশ্রদ্ধা, অবজ্ঞা ও অবমাননার সামিল। এ ব্যাপারে ডিএমপি সবার সহযোগিতা কামনা করেছে।