জামায়াতকে মোকাবিলায় সংলাপের আহ্বান সুরঞ্জিতের
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে মোকাবিলায় জাতীয় সংলাপ অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানান। আজ মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় সুরঞ্জিত এ আহ্বান জানান। সুরঞ্জিত বলেন, ‘জামায়াতকে নিয়ন্ত্রণের জন্য শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হবে না। ভেদাভেদ ভুলে গিয়ে সব মুক্তিকামী এবং স্বাধীনতার পক্ষের সকল মানুষকে নিয়ে একটি ফোরাম গঠনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করে জাতীয় সংলাপ করতে হবে। পুরো জাতি অপেক্ষায় আছে। দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আমরাও সেই যুদ্ধে অংশ নিতে চাই। এক মিনিট অপেক্ষার সময় নাই। এ দেশে হয় স্বাধীনতা থাকবে, নয় তো সন্ত্রাস থাকবে।’ জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সন্ত্রাসবিরোধী আইন ১৯৯৩ এর ১৮ ধারা অনুযায়ী সরকার যেকোনো ধরনের জঙ্গি তত্পরতার জন্য জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করতে পারে। সংবিধান এবং বিশেষ ক্ষমতা আইনেও সম্ভব।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিএনপিতে যাঁরা সুস্থ বুদ্ধির আছেন, তাঁদের চিন্তা করতে হবে যে তাঁরা জামায়াতের সঙ্গে নিশ্চিহ্ন হবেন, নাকি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবেন। কারণ জামায়াতের জন্য এ দেশে কোনো জায়গা নেই। আইন অনুযায়ীই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।’বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দেশের ধর্মভিত্তিক অর্থনীতির বার্ষিক আয় দুই হাজার কোটি টাকা। জামায়াতের এই অর্থায়ন বন্ধ করা গেলে জামায়াত দেশজুড়ে তাণ্ডব চালাতে পারত না। চাঁদে দেলাওয়ার হোসাইন সাঈদীর মুখ দেখা যাওয়ার গুজব সম্পর্কে মেনন বলেন, ‘সাঈদী যদি চাঁদে গিয়ে থাকেন, তবে নিশ্চয় তিনি চাঁদে যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রথম বাঙালি। ধর্ষক সাঈদী যদি সত্যি চাঁদে গিয়ে থাকেন, তবে চাঁদের বুড়িও ভয় পাবে।’ রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন সংসদের চিফ হুইপ আব্দুুস শহীদ ও আবদুস সাত্তার।