জামায়াতে ইসলামী ব্রিটিশদের সৃষ্টি: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘চতুর ব্রিটিশরা মুসলিম সমাজকে বিভ্রান্ত করতে জামায়াতে ইসলামী নামের সংগঠনের সৃষ্টি করে। আজ আমরা দেখি, একটি গোষ্ঠী ইসলাম গেল বলে চিত্কার করে। আসলে যাদের ঈমানের জোর কম, তারাই এ ধরনের অপপ্রচার চালায়। আজ কারও বুঝতে বাকি নেই, জামায়াত নানা অপপ্রচার চালিয়ে সমাজকে বিভ্রান্ত করতে চায়। অথচ বর্তমান সরকার ইসলামী শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর। সে লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন চলছে।’আজ শনিবার সিলেটের বিয়ানীবাজার উপজেলা প্রশাসন আয়োজিত ‘কৃষি মেলা উদ্বোধন, কওমি মাদ্রাসা এবং লিল্লাহ বোডিং ও মুক্তিযোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, সরকার মাদ্রাসার শিক্ষা আধুনিকায়নের জন্য ২০টি মাদ্রাসার উন্নয়নকাজে হাত দিয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি মাদ্রাসা আধুনিক করা হবে। আলেম সমাজের পরামর্শ নিয়ে ইসলামী শিক্ষার বিষয়টি শিক্ষানীতিতে স্থান দেওয়া হবে।অন্যদের মধ্যে বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালিক, ভাইস চেয়ারম্যান রুমা চক্রবর্তী, ইউএনও সুব্রত কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাছিব।