জামায়াতে ইসলামীর নেতা আজহারুলকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৮ আগস্ট সকালে হাজির হয়ে তাঁর দেওয়া বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার এই আদেশ দেন। একই সঙ্গে আজহারুলের বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে আইনগত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন ১০ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. অহিদুজ্জামান ১৯ জুলাই মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের নেতা আজহারুলের দেওয়া বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনটি করেন। আবেদনে বলা হয়, ওই দিন তিনি বলেছেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে নিজদলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।শুনানিতে মনজিল মোরসেদ বলেন, যে বক্তব্য দেওয়া হয়েছে, তাতে সুপ্রিম কোর্টের কর্তৃত্ব ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। রুলে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন ও অমর্যাদাকর বক্তব্য দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।আমিনীর হাজিরা ২ আগস্ট: ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনীকে ২ আগস্ট হাইকোর্টে হাজির হতে হচ্ছে। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ জুলাই হাইকোর্ট তাঁকে ২৭ জুলাই হাজির হতে নির্দেশ দিয়েছিলেন এবং রুল জারি করেছিলেন। সংবিধান নিয়ে কটাক্ষপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে রিটটি করা হয়।রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ গতকাল প্রথম আলোকে বলেন, নোটিশ জারি না হওয়ায় হাজিরের তারিখ পুনর্নির্ধারণের আবেদন জানানো হয়। আদালত ২ আগস্ট দিন ধার্য করেন। ফলে ওই দিন আমিনীকে হাজির হতে হবে।