জামায়াতে ইসলামীর মুখ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর হওয়ার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে একাধিকবার ফোন করা হলে হয় তাঁরা ফোন ধরেননি, নয় তাঁদের ব্যক্তিগত সহকারীরা বলেছেন, ‘স্যার, মিটিংয়ে আছেন।’তবে শুধু জামায়াত নয়, বেশির ভাগ ধর্মভিত্তিক রাজনৈতিক দলই এ ঘটনার কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এসব দলের নেতারা দায়সারা গোছের কথা বলেন।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমানের কাছে দলীয় প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হয়, শীর্ষস্থানীয় নেতাদের জিজ্ঞেস করুন। ওনারা যা মনে করেন, বলবেন।’ আপনিও তো শীর্ষ নেতৃত্বের একজন—এই মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘শুনুন, কথা বলারও তো একটা ফোরাম আছেন। এসব স্পর্শকাতর বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না।’নায়েবে আমির মকবুল আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর সহকারী জানান, মকবুল আহমদ তাঁর কক্ষে নেই। সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর সহকারী জানান, তিনি ব্যস্ত আছেন।সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী জানান, কামারুজ্জামান বৈঠকে ব্যস্ত আছেন।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেন, ‘আদালতের রায় হয়েছে, ফাঁসি কার্যকর হয়ে গেছে, এটার আবার প্রতিক্রিয়া কী?’ ‘কিন্তু এটা তো বাংলাদেশে একটি বড় ঘটনা, আপনারা একটা প্রতিক্রিয়া দেবেন না?—এর জবাবে তিনি বলেন, ‘ছোট দল, যারা পত্রিকায় জায়গা পায় না, তাদের আবার মন্তব্য কী?’ সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর সহকারী ফোন ধরেন। তিনি বলেন, ‘স্যার ঘরোয়া বৈঠকে আছেন। কথা বলতে পারবেন না।’দায়সারা গোছের প্রতিক্রিয়া: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এইটা তো আদালতের বিষয়। কী বলব? আদালতের রায় দেশবাসী মাইনা নিছে।’খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মো. ইসহাকের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জিজ্ঞেস করেন, ‘অন্যরা কি কোনো প্রতিক্রিয়া দিয়েছে?’ পরে তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালত থেকে বিচারে ফাঁসি হয়েছে, এর প্রতিক্রিয়া দেওয়া যায় না। আদালতের বিপক্ষে কোনো প্রতিক্রিয়া দেওয়া যায় না। বিপক্ষে বললে আদালত অবমাননায় পড়ে যাব। তাই পক্ষে বলা আর বিপক্ষে বলার কিছু নাই। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত, সেটা মেনে নেওয়া উচিত।’পুরো কলঙ্কমোচন এখনো হয়নি: সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান বলেছেন, এই ফাঁসির মধ্য দিয়ে দেশবাসী এক কলঙ্কজনক অধ্যায় থেকে কিছুটা মুক্তি পেয়েছে। তবে বঙ্গবন্ধুর অন্য যে খুনিরা বিভিন্ন দেশে পালিয়ে আছে, তাঁদের ধরে এনে ফাঁসি না দেওয়া পর্যন্ত জাতি পুরোপুরি কলঙ্কমোচন হবে না।