জামায়াতে ইসলামীর দুই শীর্ষ পদে ছয় মাসের বেশি সময় ধরে চলতি দায়িত্ব পালন করছেন দুই নেতা মকবুল আহমাদ এবং এ টি এম আজহারুল ইসলাম। ঢাকা মহানগর কমিটিরও একই অবস্থা। এই পদগুলোতে জামায়াত শিগগিরই কোনো পরিবর্তন আনবে না। সম্প্রতি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন।দলের আমির পদে মতিউর রহমান নিজামীর মেয়াদ আছে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত। তিনি গ্রেপ্তার থাকায় তাঁর মেয়াদের বাকি সময়টা ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ দায়িত্ব পালন করবেন বলে জামায়াতের মজলিসে শুরা সিদ্ধান্ত দিয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানও প্রথম আলোর কাছে এ কথা স্বীকার করেছেন।দলটির আরেক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, সরকার জামায়াতের নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে বন্দী করে রেখেছে। এখন তাঁদের পদগুলোতে অন্য কাউকে নিয়োগ দিলে কর্মীরা মনে করতে পারে যে সরকারের অভিযোগগুলো সত্য।জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এবং সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খান বিভিন্ন অভিযোগে কারাবন্দী আছেন।নেতৃত্বে নিজামীই থাকছেন: জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী দলের আমির দায়িত্ব পালনে অক্ষম হলে নায়েবে আমিরদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত আমির নিয়োগ করা হবে। তিনি ছয় মাসের মধ্যে অবশিষ্ট মেয়াদের জন্য নতুন আমির নির্বাচনের ব্যবস্থা করবেন। তবে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মজলিসে শুরা আমির নির্বাচন যুক্তিযুক্ত সময় পর্যন্ত স্থগিত এবং সময়সীমা অবশিষ্ট মেয়াদ পর্যন্ত বাড়াতে পারবে।মতিউর রহমান নিজামী সর্বশেষ আমির নির্বাচিত হন ২০০৯ সালের ডিসেম্বরে। তাঁর মেয়াদ শেষ হবে ২০১২ সালের ডিসেম্বরে।জামায়াতের নেতাদের ধারণা, নিজামী গ্রেপ্তার হওয়ায় তাঁর স্থলে অন্য কাউকে দায়িত্ব দিলে দলের শৃঙ্খলা এবং নেতা-কর্মীদের মনোবল ভেঙে পড়তে পারে।সহকারী সেক্রেটারি হিসেবে কার্যত একজন: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল পদে সাত নেতার মধ্যে এখন কার্যত একজনই দায়িত্ব পালন করছেন। এঁদের মধ্যে তিনজন—মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও মুজিবুর রহমান গত বছর গ্রেপ্তার হন। বাকি সহকারী সেক্রেটারি জেনারেলদের মধ্যে এ টি এম আজহারুল ইসলাম বর্তমানে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। আবদুর রাজ্জাক দলের নেতাদের মামলা পরিচালনা নিয়ে ব্যস্ত থাকেন, সাংগঠনিক কাজে তেমন সময় দিতে পারেন না। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আবু তাহের নিষ্ক্রিয় আছেন। এ পদে একমাত্র সক্রিয় আছেন শফিকুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আশা করি, আমাদের নেতারা মুক্তি পাবেন। তাই নতুন করে এ পদে কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নেই।’