জামায়াতের অভিনন্দন ও নিন্দা
গতকাল বুধবারের সমাবেশে হামলা, পুলিশি নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী ও ১৮ দলীয় জোট ঘোষিত হরতাল সফল হয়েছে দাবি করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ অভিনন্দন জানান। পাশাপাশি সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের নির্যাতন ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।বিবৃতিতে বলা হয়, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে আজকের হরতাল কর্মসূচি সফল করে মূলত গণবিরোধী সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। তাই এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। সরকারের সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে দেশবাসী আজ সোচ্চার হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এ আন্দোলন ছড়িয়ে পড়েছে।’বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা গণ-আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পুলিশ ও ছাত্রলীগের বাহিনী সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। সারা দেশে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ ১৮ দলীয় জোট নেতৃবৃন্দের ওপর হামলা করছে। হরতাল চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে চারজন মহিলা সংসদ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করে।’ এসব হামলার নিন্দা জানানো হয় বিবৃতিতে।বিবৃতিতে আরও বলা হয়েছে, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ঘোষিত রায় দেশবাসী প্রত্যাখ্যান করেছে। জনমতের প্রতি শ্রদ্ধা রেখে অবিলম্বে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেওয়ার দাবি জানান রফিকুল ইসলাম খান।সরকারের সব অন্যায়, জুলুম-নির্যাতন, গণহত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে চলমান গণ-আন্দোলন আরও বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। গত কয়েক দিনে যাঁরা ‘শহীদ’ ও আহত হয়েছেন, তাঁদের জন্য দোয়া করার উদ্দেশ্যে আগামীকাল ৮ মার্চ শুক্রবার দোয়া দিবস ও ৯ মার্চ নয়াপল্টনে গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। এ কর্মসূচি সফল করে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।আলেমদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ভিত্তিহীনওলামা-মাশায়েখ পরিচয় দানকারী কিছু ব্যক্তি গতকাল বুধবার ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে ‘প্রয়োজনে মসজিদে মঞ্চ করার ঘোষণা’ দিয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিষোদগারপূর্ণ যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিন্দা জানান।বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রামের কিছু আলেম নামধারী ব্যক্তি জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিরুদ্ধে “তাদের হত্যা ষড়যন্ত্রের যে অভিযোগ” প্রচার করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির হত্যা ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। কাজেই কথিত ওই হত্যা ষড়যন্ত্রের অভিযোগের সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কোনো সম্পর্কও নেই।’বিবৃতিতে বলা হয়, গতকাল বুধবার কতিপয় সংবাদপত্র ও মিডিয়ায় ‘জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ও মসজিদের ইমাম কর্তৃক ১৬ জন আওয়ামী লীগ কর্মীকে তওবা পড়িয়ে নতুন করে মুসলমান বানানোর’ যে কথা প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।