জামায়াতের আরও দুই শীর্ষ নেতা গ্রেপ্তার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।১৯৭১ সালে হত্যার অভিযোগে কেরানীগঞ্জ থানায় এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় করা পৃথক দুটি মামলায় জামিনের জন্য আজ মঙ্গলবার এই দুজন হাইকোর্টে হাজির হন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সুপ্রিম কোর্টসংলগ্ন ২ নম্বর গেট থেকে আবদুল কাদের মোল্লাকে আটক করা হয়। মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।এ সময় হাইকোর্টে কামারুজ্জামান তাঁর আইনজীবী জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাকের কক্ষে অবস্থান করেন। সেখান থেকে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বের হয়ে যাওয়ার সময় সুপ্রিম কোর্টসংলগ্ন ২ নম্বর গেট থেকে বহনকারী গাড়িটি থামিয়ে তাঁকে আটক করা হয়।কামারুজ্জামানের আরেক আইনজীবী সাইফুর রহমান জানান, পল্লবীতে দায়ের করা মামলায় কামারুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান জানান, মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে পল্লবীর দুয়ারীপাড়ার বাসিন্দা আমির হোসেন মোল্লা বাদী হয়ে একটি মামলা করেন। মুখ্য মহানগর হাকিম আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য ২০০৮ সালের ২৪ জানুয়ারি পল্লবী থানার ওসিকে নির্দেশ দেন। পরের দিন ওসি মামলাটি গ্রহণ করেন।