জামায়াতের আরও ১২৬ নেতা-কর্মী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচারসহ পল্টন থানার দুটি মামলায় জামায়াতের ১২৬ নেতা-কর্মীকে আজ শুক্রবার কারাগার থেকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বাকি ৫৭ জনকে পর্যায়ক্রমে পল্টন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে পুলিশ জানিয়েছে। গত মঙ্গলবার রমনা ও পল্টন থানার চারটি মামলায় ১৮৩ জনের ১৯ দিনের রিমান্ড মঞ্জুর হলেও ওই দিন থানায় না নেওয়ায় আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে দেন। পরে দ্রুত বিচারসহ দুটি মামলায় রমনা থানা পুলিশ জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ৭১ জন নেতা-কর্মীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘গত মঙ্গলবার জামায়াতের ১৮৩ জনের রিমান্ড মঞ্জুর হলেও হরতালসহ রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ ব্যস্ত থাকায় ওই দিন তাঁদের থানায় আনা যায়নি। আজ শুক্রবার বিকেলে কারাগার থেকে জামায়াতের ১২৬ নেতা-কর্মীকে ১০ দিনের রিমান্ডে থানায় আনা হয়। পর্যায়ক্রমে বাকি ৫৭ জনকেও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা রমনা থানায় রিমান্ডে থাকায় তাঁদের আনা যায়নি।’ ওসি জানান, জামায়াতের আজহারসহ শীর্ষস্থানীয় নেতাদের রমনা থানায় ও ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। রমনা থানার রিমান্ডে থাকা ব্যক্তিরা পল্টন থানার মামলার আসামি। রমনা থানার রিমান্ড শেষে তাঁদের পল্টন থানার মামলায় রিমান্ডে আনা হবে। গত সোমবার রাতে গাড়ি পোড়ানো, পুলিশের ওপর হামলা ও হত্যার চেষ্টাসহ নৈরাজ্য সৃষ্টির অভিযোগে জামায়াতের ১২ কেন্দ্রীয় নেতাসহ দুই থেকে তিন হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে রাজধানীর রমনা ও পল্টন থানায় নয়টি মামলা করা হয়। এর মধ্যে পাঁচটি মামলার বাদী পুলিশ এবং চারটির বাদী ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকেরা। এসব মামলায় ৩৩৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন রমনা ও পল্টন থানার চারটি মামলায় তাঁদের মধ্যে ১৮৩ জনকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করলে তাঁদের ১৯ দিনের রিমান্ড মঞ্জুর হয়।গ্রেপ্তার ১৫ জন কারাগারে: গতকাল বৃহস্পতিবার বিএনপির ডাকা হরতালে পিকেটিং ও ভাঙচুরের অভিযোগে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ১৫ জনকে আজ শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের শাহবাগ, পল্টন, মতিঝিল, রমনা ও খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট থানার পুলিশ গ্রেপ্তার হওয়া ১৫ জনকে আজ মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।