জামায়াতের কর্মসূচিতে বিএনপি সমর্থন দেবে, অংশ নেবে না
জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁদের মুক্তির দাবিতে জামায়াতের ঘোষিত কর্মসূচিতে সমর্থন জানাবে বিএনপি। তবে ওই কর্মসূচিতে তাঁরা আপাতত সক্রিয়ভাবে অংশ নেবে না।গত বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের অবস্থান আরও পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়।সূত্র জানায়, বৈঠকে জামায়াত ও বিএনপির নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে যৌথভাবে কর্মসূচি পালন করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়। রমজান মাসের আগে কয়েকটি কর্মসূচি পালন করা নিয়েও আলোচনা হয়। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৈঠকে জামায়াতের নেতাদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁদের মুক্তি দাবি করা হয়। এ ছাড়া জামায়াত কর্মসূচিতে বাধা দেওয়াকে সংবিধান বহির্ভূত ও আইনের শাসনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়।বৈঠকে হরতালের আগের রাতে একজন ট্যাক্সিচালকের অগ্নিদগ্ধ হওয়া ও তাঁর মৃত্যুর ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করা হয়।স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে জানান, ‘আমরা শুধু জামায়াতের নেতাদের গ্রেপ্তার নিয়ে নয়, পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করব। হঠাৎ সরকারের এমন আচরণের কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। আমরা ম্যাডামকে (খালেদা জিয়া) জামায়াতের ব্যাপারে করণীয় নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছি। তিনি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না নিয়ে আরও বিচার-বিশ্লেষণ করছেন।’বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গতকাল শুক্রবার এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি। গ্রেপ্তারের ঘটনায় জামায়াতের কর্মসূচি তাঁদের দলীয় বিষয়। এটা তাঁদের দল পালন করবে। ওই কর্মসূচির প্রতি আমাদের সমর্থন থাকবে। কিন্তু এসব কর্মসূচিতে বিএনপি অংশ নেবে না।’ তিনি বলেন, জামায়াতে ইসলামী সরকারের ষড়যন্ত্রের শিকার হচ্ছে। জামায়াত বিএনপির আন্দোলন-সংগ্রামে সঙ্গী হওয়ায় তাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার।জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গত ২৯ জুন পুলিশ গ্রেপ্তার করে। সূত্র জানায়, এর পরের দিন রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বর্তমান পরিস্থিতিতে জামায়াতের পাশে থাকতে এবং একসঙ্গে কর্মসূচি পালনের জন্য খালেদা জিয়াকে অনুরোধ জানান।যৌথ সভা: ৭ জুলাই দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা শেষে খোন্দকার দেলোয়ার হোসেন সংবাদ ব্রিফিংয়ে বলেন, ৭ জুলাইয়ের মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়া হলে তার পরিণাম শুভ হবে না। ওই দিন বাধা এলে লড়াই শুরু হবে। তিনি বলেন, গ্রেপ্তার, নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না।ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও ওসমান ফারুক, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।‘এক মাঘে শীত যায় না’: সরকারকে হুঁশিয়ার করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল বলেছেন, এক মাঘে শীত যায় না। দলের শীর্ষস্থানীয় তিন নেতার মুক্তির দাবিতে জামায়াত নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। তবে সরকারের হুঁশ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।দলের শীর্ষ তিন নেতা—নিজামী, মুজাহিদ সাঈদীসহ গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের নেতাদের মুক্তি চেয়ে বিকেলে মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে মকবুল আহমাদ এসব কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহান মোনাজাত করার সময় দলের কর্মী-সমর্থকেরা কান্নায় ভেঙে পড়েন।সরকারের উদ্দেশে মকবুল আহমাদ বলেন, ‘আপনারা যে পন্থায় জামায়াতের নেতাদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছেন, তা জাতির জন্য, বিরোধী দলের জন্য তো বটেই, আপনাদের জন্য আরও বেশি ক্ষতিকর হবে।’ সভাপতির বক্তব্যে জামায়াতের দলীয় সাংসদ হামিদুর রহমান আযাদ আরও কঠোর কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এভাবে কাজ হবে না। সোজা আঙুলে ঘি উঠবে না। নতুন করে কর্মসূচি দিতে হবে।’আবদুস সুবহান বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাঁর পিতার সংগ্রামী জীবনের ইতিহাস কেউ অস্বীকার করতে পারবে না। তাঁরই সুসন্তান বর্তমান প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি, জামায়াতের নেতাদের মুক্তি দিন। দেশে ভিন্নমতের লোক থাকবে। সবাইকে নিয়ে মিলেমিশেই এ দেশ গড়তে হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান।