হাইকোর্টের রুলের জবাবে ইসি
জামায়াতের গঠনতন্ত্রের ‘কয়েকটি ধারা’ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক
জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা-সম্পর্কিত হাইকোর্টের রুলের জবাবে দলটির গঠনতন্ত্রের ‘কয়েকটি ধারা’ সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সাংঘর্ষিক বলে মত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কমিশন জামায়াতের গঠনতন্ত্রের শুধু ৫(২) ধারার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে। বাকি কোন ধারাগুলো সাংঘর্ষিক, তার উল্লেখ করেনি।২০০৯ সালে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করেন তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৫ জানুয়ারি বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল হাইয়ের সমন্বয়ে গড়া বেঞ্চ রুল জারি করেন। জামায়াতের নিবন্ধন কেন গণপ্রতিনিধিত্ব আদেশের পরিপন্থী হবে না, তা জানতে চাওয়া হয় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী ও নির্বাচন কমিশনের কাছে।নির্বাচন কমিশনার আবু হাফিজ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘রুলের জবাব আজ (গতকাল) কমিশনের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানের কাছে পাঠানো হয়েছে। কাল (আজ) ৯ এপ্রিল শুনানির দিন তিনি তা আদালতে উপস্থাপন করবেন।’কমিশনের জবাবে বলা হয়েছে, কমিশন ২০০৮ সালের ২৬ আগস্ট নবম সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলগুলোকে নিবন্ধনের জন্য আবেদন করতে বিজ্ঞপ্তি জারি করে। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধানে বলা হয়, দলগুলো ছায়া গঠনতন্ত্র জমা দিয়ে নিবন্ধিত হতে পারবে। তবে নির্বাচনের পর সংসদ অধিবেশনের প্রথম বৈঠক থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে দলীয় কাউন্সিলে ছায়া গঠনতন্ত্র অনুমোদন করিয়ে তা কমিশনে জমা দিতে হবে। নির্বাচনের পর কমিশন দলগুলোর গঠনতন্ত্র যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করে। জামায়াতের গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা গেছে, তাদের গঠনতন্ত্রের কিছু ধারা গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি(১)(বি)(২) ও ৯০সি ধারা এবং সংবিধানের প্রস্তাবনা এবং ৮, ৯, ১০ ও ১১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। গঠনতন্ত্রের ২ ধারার ৫ উপধারা এর মধ্যে উল্লেখযোগ্য। সে সময়ে জামায়াতের আইনবিষয়ক সম্পাদক জসিম উদ্দীন সরকার কমিশনে গিয়ে গঠনতন্ত্রের ২(৫) ধারার কিছু অংশ নিজ হাতে কলম দিয়ে কেটে বাদ দেন। তিনি কথা দেন, দলের পরবর্তী কাউন্সিলে গঠনতন্ত্রের বাদ দেওয়া অংশ অনুমোদন করিয়ে নেওয়া হবে। জবাবে কমিশন আরও বলেছে, কমিশন তখনকার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে ২০০৮ সালের ১ নভেম্বর জামায়াতকে নিবন্ধন দেয়।রুলের জবাবে একটি ধারা উল্লেখ করা হয়। কিন্তু এও বলা হয়, জামায়াতের গঠনতন্ত্রের আরও ‘কয়েকটি ধারা’ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু ওই কয়েকটি ধারা কোনগুলো, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, ‘কমিশন প্রয়োজনবোধ করেনি, সে জন্য বাকি ধারাগুলোর উল্লেখ করেনি।’ জামায়াতের গঠনতন্ত্রের ২(৫) ধারায় বলা হয়েছে, ‘কাহাকেও স্বয়ংসম্পূর্ণ বিধানদাতা ও আইন প্রণেতা মানিয়া লইবে না এবং আল্লাহর আনুগত্য ও তাঁহার দেওয়া আইন পালনের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, এমন সকল আনুগত্য মানিয়া লইতে অস্বীকার করিবে।’ জামায়াতের ছাপানো গঠনতন্ত্রে এভাবে থাকলেও কমিশনের জমা দেওয়া গঠনতন্ত্রে এই ধারাটি বাদ দেওয়া হয়। এ অবস্থায় কমিশন জামায়াতকে গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দিয়ে চারবার চিঠিও দেয়।কমিশন সর্বশেষ গত ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দিয়ে যে চিঠি দিয়েছিল, তাতে মোট সাতটি ধারার ব্যাপারে আপত্তি উত্থাপন করেছিল। এগুলো হলো: ২(৫), ৩, ৫(৩), ৬(৪), ৭(১-৪), ১১(২) ও ১৮(৪) ধারা। চিঠিতে বলা হয়েছিল, সংশ্লিষ্ট ধারাগুলো সংসদের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনসভার কর্তৃত্বকে অস্বীকার করে। তবে কমিশন রুলের জবাবে এই চিঠি চালাচালির বিষয় উল্লেখ করেনি। কমিশনার আবু হাফিজ বলেন, আদালত রুলে যা জানতে চেয়েছেন, কমিশন শুধু তার জবাব দিয়েছে। সে জন্য অন্যান্য বিষয় সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।