একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধ করার অভিযোগে জামায়াতে ইসলামীর আমিরসহ শীর্ষস্থানীয় চার নেতাকে আগামী ২ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। আসামিরা হলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ এই নেতারা এখন অন্য মামলায় কারাগারে আটক আছেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ প্রতিবেদন দাখিলের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল চারজনকে আগামী ২ আগস্ট সকাল ১০টায় হাজির (প্রডাকশন ওয়ারেন্ট) করতে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ওয়ারেন্ট কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। জানা যায়, অভিযোগের সুষ্ঠু তদন্তে ২২ জুলাই জামায়াতের এই চার নেতাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশন শাখায় আবেদন করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আবেদনটি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ২৫ জুলাই ট্রাইব্যুনালে জমা দেন। ট্রাইব্যুনাল ২৬ জুলাই শুনানির দিন ধার্য করেন। ওই দিন ট্রাইব্যুনাল চারজনের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে পরোয়ানা জারির আদেশ কার্যকর হয়েছে কি না, তা ২ আগস্টের মধ্যে ট্রাইব্যুনালকে অবহিত করতে মহানগর পুলিশকে বলা হয়। এ নির্দেশ অনুসারে গতকাল সকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের প্রতিনিধি রেজিস্ট্রারের মাধ্যমে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেন। সূত্র জানায়, ওই প্রতিবেদনে বলা হয়েছে, চারজন ইতিমধ্যে বিভিন্ন মামলায় কারাগারে আছেন। তাই পরোয়ানা জারি করা যায়নি। প্রতিবেদনটি উপস্থাপনের পর ট্রাইব্যুনাল তাঁদের ২ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেন।