জামায়াতের চার নেতার দুই আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর চার নেতার পক্ষে করা দুটি আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ইলেকট্রনিক মিডিয়ার সামনে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মন্তব্য করার ক্ষেত্রে সংযত হতে বলেছেন।সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এরপর জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ চার নেতার দুটি আবেদন উপস্থাপন করা হয়। তাঁদের পক্ষে আইনজীবী তাজুল ইসলাম ৮ ও ১৫ মে আবেদন দুটি করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল দুটি আবেদনই খারিজ করে দেন।প্রথম আবেদনে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত এই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য এম সানাউল হকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, ৫ মে সেফ হোমে নিজামীকে জিজ্ঞাসাবাদের পর সানাউল হক উপস্থিত সাংবাদিকদের বলেছেন, একাত্তরে নিজামী প্রাণের ভয়ে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। তবে এমন কোনো স্বীকারোক্তি যদি তিনি করে থাকেন, তবে তা সবার সামনে বলা আইনবহির্ভূত। কারণ তদন্তাধীন বিষয়ে গোপনীয়তা রক্ষার জন্য ট্রাইব্যুনালের আইনে ও বিধিতে উল্লেখ করা আছে।এ বক্তব্যের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী বলেন, সানাউল হক এমন কোনো বক্তব্য দেননি যাতে সাক্ষ্য প্রকাশ হয়।শুনানি শেষে আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল আইনের ১১(৪) ধারা এবং বিধি ৪৫ অনুসারে সানাউল হকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অবমাননার যে অভিযোগ আনা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়, বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যায় উভয় পক্ষের আইনজীবীরা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, যা অনাকাঙ্ক্ষিত। ট্রাইব্যুনালের আদেশ এবং তদন্তের বিষয়ে তাঁদের কোনো মন্তব্য করা উচিত নয়।দ্বিতীয় আবেদনে সেফ হোমে জিজ্ঞাসাবাদের সময় নিজামীর বক্তব্য বিচার-প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হয়।এ প্রসঙ্গে ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, বক্তব্যকে সাক্ষ্য হিসেবে গ্রহণের সময় এখনো আসেনি। কোন বিষয়গুলো সাক্ষ্য হিসেবে নেওয়া হবে, সে বিষয়ে ট্রাইব্যুনালের আইন ও বিধিতে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।