জামায়াতের চার নেতার বিরুদ্ধে ৫ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আগামী ৫ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে। আজ মঙ্গলবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। এ ছাড়া ট্রাইব্যুনাল এই চার জামায়াত নেতার জামিন আবেদন নাকচ করেন।আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণের পদ্ধতি নিয়ে আরেকটি আবেদন করেন। তিনি অডিও-ভিজুয়াল রেকর্ডিংয়ের মাধ্যমে সাক্ষ্য সংরক্ষণের আরজি জানান। এ ব্যাপারে পরে নির্দেশনা দেওয়ার কথা জানান ট্রাইব্যুনাল। আরেক আবেদনে তাজুল ইসলাম বলেন, বাংলা একাডেমী ও ন্যাশনাল লাইব্রেরি কর্তৃপক্ষ আসামি পক্ষকে ১৯৭১ সালের ১ মার্চ থেকে ১৯৭২ সালের ১ মার্চ পর্যন্ত বিভিন্ন সংবাদপত্র ও অন্যান্য নথি ব্যবহার করতে দিচ্ছে না। এ বিষয়ে তিনি ট্রাইব্যুনালের নির্দেশনা চান। ট্রাইব্যুনাল তথ্য অধিকার আইনের আওতায় বাংলা একাডেমী ও ন্যাশনাল লাইব্রেরিকে তথ্য প্রদানের জন্য আবেদন করার পরামর্শ দেন।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার নেতাকে আজ সকাল সাড়ে নয়টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল ১০টার দিকে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছে এ চার জামায়াত নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেছে। সাড়ে ১০টার দিকে শুনানি শুরু হয়ে চলে বেলা একটা পর্যন্ত।মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে গঠিত সংস্থা রাজধানীর বেইলি রোডের কার্যালয়ে গতকাল সোমবার সাংবাদিকদের জানিয়েছিল, গোলাম আযমসহ জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান পাঁচ নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। প্রতিবেদনে দলটির সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।