সাঈদীর মামলায় আবার যুক্তি উপস্থাপন হবে
জামায়াতের চার নেতার মামলা পুনর্বিচারের আবেদন খারিজ
জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় চার নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো পুনর্বিচারের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২। গতকাল বৃহস্পতিবার আবেদনগুলো খারিজ করা হয়।জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ট্রাইব্যুনাল-১-এ এবং সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ট্রাইব্যুনাল-২-এ পুনর্বিচারের আবেদন করেছিলেন। তবে রায়ের অপেক্ষায় থাকা সাঈদীর বিরুদ্ধে মামলাটিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে আবার যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীর, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-১ গোলাম আযম, নিজামী ও সাঈদীর আবেদন খারিজ করে দেন। আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে ই-মেইল যোগাযোগ হ্যাকিং এবং কথোপকথন অবৈধভাবে রেকর্ড করা সন্দেহাতীতভাবে একটি অপরাধ এবং অনৈতিক কাজ। এগুলো বিবেচনায় নেওয়ার আগে কে, কখন এবং কোন দেশে এ কাজ করল, এসব প্রাসঙ্গিক প্রশ্নের জবাব প্রয়োজন। কিন্তু আবেদনগুলোতে তা অস্পষ্ট। আবেদনগুলো করা হয়েছে আমার দেশ পত্রিকায় ছাপা হওয়া কথোপকথনের ওপর ভিত্তি করে।আদেশে বলা হয়, সাক্ষ্য গ্রহণ হয়েছে উন্মুক্ত ও স্বচ্ছভাবে। উভয় পক্ষকে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ ও জেরার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। প্রাপ্ত সাক্ষ্য ও গঠিত অভিযোগের মধ্যে গরমিল থাকলে যুক্তি উপস্থাপনের সময় উভয় পক্ষ তা তুলে ধরার সুযোগ পাবে। মামলার চূড়ান্ত সিদ্ধান্ত বা রায় কোনোভাবেই নিছক গঠিত অভিযোগের ওপর নির্ভরশীল নয়। প্রাপ্ত সাক্ষ্য মূল্যায়নের মাধ্যমেই কেবল সিদ্ধান্তে আসা সম্ভব, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে কতটা সমর্থ হয়েছে। সাক্ষ্য মূল্যায়নের ক্ষেত্রে অবৈধভাবে প্রাপ্ত কথোপকথন ও ই-মেইলের দ্বারা কোনো পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।আদেশে বলা হয়, এটি উল্লেখ করা নিষপ্রয়োজন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর কোথাও পুনর্বিচার বা আদেশ প্রত্যাহারের (রিকল) সুনির্দিষ্ট বিধান নেই। এ ক্ষেত্রে আসামিপক্ষ ট্রাইব্যুনালের অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগের আরজি জানিয়েছে। কিন্তু প্রতিষ্ঠিত নিয়ম হলো, আইনে সুনির্দিষ্টভাবে বলা না থাকলে আদালত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগযোগ্য নয়। আদেশে আরও বলা হয়, সাবেক চেয়ারম্যান ছাড়াও এই ট্রাইব্যুনালের আরও দুজন বিচারক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ দুই বিচারক ওই আদেশ অস্বীকার করেননি।আদেশের শেষাংশে বলা হয়, একটি প্রাসঙ্গিক প্রশ্ন হলো, হ্যাকিং করে পাওয়া নথিপত্রের ওপর ভিত্তি করে ট্রাইব্যুনাল কোনো বিচারিক আদেশ দিতে পারেন কি না। হ্যাকিং নিঃসন্দেহে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। আসামিপক্ষ এমন কোনো নথি দেখাতে পারেনি যে হ্যাকিংয়ে পাওয়া নথি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। এ ছাড়া একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের কাছে জানা গেছে, স্কাইপে কথোপকথনের অংশবিশেষ বাদ দিয়ে বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা যায়, যা প্রয়োজন অনুসারে ভিন্ন অর্থ তৈরি করবে।আদেশে আরও বলা হয়, এই আদেশ তিনটি (গোলাম আযম, নিজামী ও সাঈদী) মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে যেহেতু ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছে, এ জন্য সাঈদীর বিরুদ্ধে মামলায় আবার যুক্তি উপস্থাপন করতে হবে। ১৩ ও ১৪ জানুয়ারি রাষ্ট্রপক্ষ যুক্তি দেবে, ১৫ থেকে ১৭ জানুয়ারি যুক্তি দেবে আসামিপক্ষ। দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের জন্য এক ঘণ্টা সময় পাবে।স্কাইপ কথোপকথনের জের ধরে ওঠা বিতর্কের মুখে গত ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান বিচারপতি নিজামুল হক। ২০ ও ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন এই তিনটি মামলা পুনর্বিচারের জন্য পৃথক আবেদন করে আসামিপক্ষ। ২৪ ডিসেম্বর থেকে ছয় দিন এসব আবেদনের শুনানি হয়। গতকাল আবেদনগুলোর নিষ্পত্তি হলো।আদেশের পর আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘ট্রাইব্যুনালের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এটি একটি ভুল আদেশ। আমাদের প্রত্যাশা ছিল, পুনর্বিচারের আদেশ দিয়ে ট্রাইব্যুনাল সাবেক চেয়ারম্যান ও প্রবাসী আইনজীবীর অসদাচরণ থেকে দূরত্ব বজায় রাখবেন। কিন্তু আমরা সম্পূর্ণ হতাশ হয়েছি। বিচারকেরাই ভালো জানেন, তাঁরা কেন এই দুজনের বোঝা নিজেদের কাঁধে তুলে নিলেন।’এদিকে বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-২ গতকাল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচারের আবেদন শুনানির পর খারিজ করেন। গত বুধবার ট্রাইব্যুনালে আবেদনটি জমা দেওয়া হয়েছিল।গোলাম আযমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ৭ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য নিজামীর বিরুদ্ধে মামলায় ১০ জানুয়ারি এবং কামারুজ্জামানের বিরুদ্ধে মামলায় ৭ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।কাদের মোল্লার পুনর্বিচারের আবেদন: এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাও পুনর্বিচারের আবেদন জানিয়েছে আসামিপক্ষ। গতকাল ট্রাইব্যুনাল-২-এ এই আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম। আবেদনটি শুনানির জন্য ৬ জানুয়ারি (রোববার) দিন ধার্য করা হয়েছে।