জামায়াতের জন্য গণমিছিল বাদ, রোজার আগে হরতালের প্রস্তাব
রোজার আগে এক দিনের হরতাল কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন চারদলীয় ঐক্যজোটের নেতারা। এ লক্ষ্যে ২৮ জুলাই (বৃহস্পতিবার) তারিখটি বিবেচনায় আছে। তবে জামায়াতের কথা বিবেচনা করে ঢাকায় গণমিছিলের পরিবর্তে ২৩ জুলাই বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার বিষয়টি সামনে আনার লক্ষ্যে হরতাল কর্মসূচি নিয়ে গত শনিবার রাতে চারদলীয় জোটের বৈঠকে আলোচনা হয়। জোটের পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ২৮ জুলাই বৃহস্পতিবার সারা দেশে হরতাল দেওয়ার প্রস্তাব ওঠে। এ ছাড়া পবিত্র রমজান মাসের আগে ঢাকায় একটি গণমিছিলসহ নতুন কর্মসূচি নিয়েও আলোচনা হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে ওই বৈঠকে আগামী শনিবার (২৩ জুলাই) ঢাকায় পৃথক বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত হয়। আজ মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করবে জোটের শরিকেরা।শনিবার রাতের বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা প্রথম আলোকে বলেন, আগামী শনিবারের বিক্ষোভ সমাবেশ শেষে চারদলীয় ঐক্যজোটের পরবর্তী বৈঠক হবে। ওই বৈঠকে হরতালসহ নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।জানতে চাইলে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান প্রথম আলোকে বলেন, ‘২৮ তারিখে হরতাল কর্মসূচি দেওয়ার ব্যাপারে জোটের নেতারা নিজেরা কথা বলেছেন। একদম চূড়ান্ত কিছু হয়নি।’ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, ‘রোজার আগে হরতাল কর্মসূচির বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রাতে প্রথম আলোকে বলেন, ‘রোজার আগে বড় কোনো কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়নি। শনিবারের বৈঠকে কর্মসূচি ছাড়াও আরও অনেক বিষয়ে আলোচনা হয়েছে।’ এ বিষয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে তিনি জানান।জোটের শরিক জামায়াতে ইসলামীও আজ সংবাদ সম্মেলন ডেকেছে।সূত্র জানায়, বৈঠকে খালেদা জিয়া শরিক দলের নেতাদের কাছে জানতে চান, ১৩ জুলাই অনুষ্ঠিত বিএনপির গণ-অনশন কর্মসূচি কেমন হয়েছে। জোটের নেতারা কর্মসূচি সফল হয়েছে বলে মন্তব্য করলে তিনি ঢাকায় ‘গণমিছিল’ কর্মসূচি দিলে কেমন হয়, সে ব্যাপারে মতামত চান। এ সময় শরিক দলের একজন নেতা বলেন, ‘গণমিছিল কর্মসূচি দিলে চারদলের ঐক্যবদ্ধ কর্মসূচি দিতে হবে এবং তাতে আপনাকে উপস্থিত থাকতে হবে।’শরিক একটি দলের নেতা বলেন, গণমিছিল কর্মসূচি পৃথকভাবে পালন করতে গেলে জামায়াত পুলিশের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। পুলিশ মিছিলে আক্রমণ করলে পরিস্থিতি কী দাঁড়াবে, এই বিবেচনায় গণমিছিলের পরিবর্তে ২৩ জুলাই শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত হয়। চারদলের শরিক বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বিজেপি ও খেলাফত মজলিস এ কর্মসূচি পৃথকভাবে পালন করবে।আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আন্দালিব রহমান বলেন, ‘খালেদা জিয়া জানতে চেয়েছেন, গণ-অনশন কেমন হয়েছে, আগামী দিনে আর করা যেতে পারে কি না ইত্যাদি।’বিএনপি ও জামায়াতের একাধিক নেতা জানান, বিএনপি-জামায়াতসহ সমমনা সংগঠনগুলো ঘন ঘন হরতাল কর্মসূচি না দিয়ে রাজধানীর মুক্তাঙ্গন, নয়াপল্টন, বায়তুল মোকাররম মসজিদের উত্তর সড়কে জনসভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মতো কর্মসূচি দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরেও এ ধরনের কর্মসূচি দেওয়া হতে পারে। এসব কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করে সরকারকে অজনপ্রিয় প্রমাণ করার কৌশল থাকবে বলেও জানান ওই নেতা।জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকার যদি বিরোধী দলকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাধা না দেয় এবং জনগণের দাবি অগ্রাহ্য না করে, তাহলে তো হরতালের প্রয়োজন হয় না।’আবদুল লতিফ নেজামী বলেন, ‘হরতাল হচ্ছে প্রতিবাদের সর্বশেষ পদক্ষেপ। সরকার যদি আমাদের মুক্তাঙ্গন, পল্টন, বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার সুযোগ দিত, তাহলে হরতালের দরকার হয় না।’চারদলীয় জোটের প্রধান দুই শরিক বিএনপি ও জামায়াতে ইসলামী ক্ষমতাসীন মহাজোট সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে এ পর্যন্ত সাত দিন হরতাল পালন করে। সর্বশেষ ৬ ও ৭ জুলাই সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টা হরতাল দেয় দল দুটি।