জামায়াতের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে জামায়াতে ইসলামীর তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁরা হলেন: জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন।২০ ফেব্রুয়ারির মধ্যে এই তিনজনকে ট্রাইব্যুনালে হাজির হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আদেশে বলা হয়, ৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘উগ্র অবস্থানে জামায়াত’ এবং দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত ‘জামায়াত ওয়ার্নস অব সিভিল ওয়ার’ শিরোনামের প্রতিবেদন ট্রাইব্যুনালের নজরে এসেছে। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, ৪ ফেব্রুয়ারি এক জনসভায় সেলিম উদ্দিন বলেছেন, ‘দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়ার সুযোগ নেই।’ হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘.....এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।’ ডেইলি স্টার-এর প্রতিবেদন অনুসারে, এক বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আমাদের নেতাদের বিরুদ্ধে রায় দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। যদি কাদের মোল্লার কিছু হয়, প্রতিটি ঘরে আগুন জ্বলবে....ট্রাইব্যুনালের “প্রতিহিংসাপরায়ণ রায়”কে প্রতিহত করতে মানুষ রক্তও ঢেলে দেবে।’আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল মনে করেন, আইনগতভাবে প্রতিষ্ঠিত একটি আদালতের ভাবমূর্তি ও স্বাধীনতার জন্য এ ধরনের মন্তব্য চরম অবমাননাজনক। রাজনীতির নামে এবং নিজ রাজনৈতিক দলের সদস্যকে বিচার ও আইনি শাস্তি থেকে বাঁচাতে কেউ কোনো অবস্থায় গৃহযুদ্ধ বাধানোর হুমকি দিতে পারেন না। ৪ ফেব্রুয়ারি (কাদের মোল্লার বিরুদ্ধে রায় ঘোষণার আগের দিন) এই হুমকি দেওয়া হয়, যা একটি বিচারাধীন বিষয় ও ন্যায়বিচারের জন্য স্পষ্ট বাধা।ট্রাইব্যুনাল আরও বলেন, একজন ব্যক্তি যে রাজনৈতিক আদর্শেই বিশ্বাসী হোক না কেন, বাকস্বাধীনতার অধিকার চর্চার নামে তার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় বাধা সৃষ্টির লক্ষ্যে দেশে গৃহযুদ্ধ বাধানোর হুমকি দেওয়ার অধিকার নেই। বাংলাদেশে বসবাসকারী প্রত্যেক নাগরিককে এ দেশের সংবিধান ও আইন মেনে চলতে হবে। ট্রাইব্যুনাল মনে করেন, জামায়াতের ওই তিন নেতা তাঁদের ওই বেআইনি ও উত্তেজক মন্তব্যের মধ্যে ন্যূনতম ভদ্রতা রাখেননি, ট্রাইব্যুনালকে ‘অবৈধ ও বিতর্কিত’ বলে চরম অমার্জিত আচরণ করেছেন। প্রত্যেকের মনে রাখা উচিত, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন নিজের গতিতে চলে। আইনের আওতায় বিশেষ কোনো ব্যক্তির বিচারকে পুঁজি করে গৃহযুদ্ধ বাধানোর হুমকি দিয়ে কেউ মানুষকে আদালতের প্রতি বিদ্বেষপূর্ণ করে তুলতে পারেন না। এ ধরনের বিদ্বেষপ্রসূত মন্তব্য দেশের সংবিধানের জন্যও হুমকি।আদেশে বলা হয়, উল্লিখিত কারণে জামায়াতের ওই তিন নেতার বিরুদ্ধে কেন আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারায় আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, ২০ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের এই ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তার ব্যাখ্যা দিতে হবে।দুপুরে ট্রাইব্যুনাল যখন এ আদেশ দেন, তখন কেবল সেলিম উদ্দিন ও হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছিল। বিকেলে আদেশ সংশোধন করে রফিকুল ইসলাম খানকেও নোটিশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেছবাহউদ্দিন আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।