জামায়াতের তিন নেতার গ্রেপ্তারের অগ্রগতি জানাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনসহ দলটির তিন নেতার গ্রেপ্তারের অগ্রগতির বিষয়ে আগামী ১০ এপ্রিলের মধ্যে জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই তারিখ ধার্য করেন।এর আগে ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করার বিষয়ে আজ সকালে জামায়াত নেতা সেলিম উদ্দিন ট্রাইব্যুনালে লিখিত বক্তব্য দেন। সেলিম উদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন তাঁর আইনজীবী তাজুল ইসলাম। সেলিম উদ্দিনের লিখিত বক্তব্য পাওয়ার পর পুলিশের প্রতি গ্রেপ্তারের অগ্রগতি জানানোর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করার কারণে সেলিম উদ্দিন, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি এক জনসভায় হামিদুর রহমান আযাদ ও সেলিম উদ্দিনের বক্তব্য এবং এক বিবৃতিতে রফিকুল ইসলাম খানের বক্তব্যকে আদালতের জন্য চরম অবমাননাজনক বলে মনে করেন ট্রাইব্যুনাল। এর পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।