আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে ‘অমর্যাদাকর ও উসকানিমূলক’ বক্তব্য দিয়ে আদালত অবমাননার দায়ে জামায়াতে ইসলামীর তিন নেতাকে জেল ও জরিমানা করা হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদের তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। জরিমানা না দিলে তাঁদের কারাদণ্ডের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়বে। আর জামায়াতের মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনকে গতকাল ট্রাইব্যুনাল চলাকালে পুরো সময় সেখানে হাজির থাকা (কারাদণ্ড) ও এক হাজার টাকা জরিমানা করা হয়।হরতাল ডেকেই ভাঙচুর: এদিকে ট্রাইব্যুনালের এ আদেশের প্রতিবাদে আজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল দুপুরে এক বিবৃতিতে হরতালের ডাক দেন। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল মহানগর হরতালের আওতামুক্ত থাকবে বলে জামায়াতের বিবৃতিতে বলা হয়। হরতাল ডাকার পর গতকাল দুপুরের পরপর রাজধানীর বিজয়নগরে অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি তিনতলা ভবনের বারান্দা থেকে দেখেছেন আজমিরী পরিবহনের একটি বাস থেকে ১০-১২ জন তরুণ লাঠিসোঁটা হাতে নেমেই ভাঙচুর শুরু করেন। ওই সময় পাশের একটি গলি থেকে জামায়াত-শিবিরের মিছিল বের হয়। বিভিন্ন গাড়ির সামনে-পেছনের কাচ ভাঙচুর শেষে ভাঙচুরকারীদের কেউ কেউ ওই মিছিলে যোগ দেন বলে আরও একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। ভাঙচুরের পরপরই ঘটনাস্থলে পুলিশ আসে। তবে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ভাঙচুরের ঘটনাস্থল পড়েছে শাহবাগ থানায়। আর শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে তাঁর থানায় কেউ কোনো অভিযোগ করেননি।জামায়াতের এই হরতাল ডাকাকে আইন ও বিচারব্যবস্থাকে সম্পূর্ণভাবে অস্বীকার করার শামিল বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক। তিনি প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনাল অভিযুক্ত নেতাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাঁরা আদেশ অমান্য করেছেন। ফলে তাঁদের শাস্তি দেওয়া ছাড়া ট্রাইব্যুনালের আর কোনো উপায় ছিল না। দুজন গ্রেপ্তার না হওয়ায় ট্রাইব্যুনালের বিস্ময়: বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আদেশে বলেন, জামায়াতের তিন নেতাকে আদালত অবমাননার বিষয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা তা না দেওয়ায় ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পুলিশ সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করেছে। বাকি দুজন পলাতক বলে পুলিশ প্রতিবেদন দিয়েছে।কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রিকার প্রতিবেদনে দেখা গেছে, হামিদুর রহমান আযাদ সংসদে গেছেন এবং রফিকুল ইসলাম বিভিন্ন স্থানে জনসমক্ষে বক্তৃতা করছেন। পুলিশের প্রতিবেদনে ওই দুই নেতাকে খুঁজে না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। আদেশে ট্রাইব্যুনাল বলেন, সেলিম উদ্দিন ট্রাইব্যুনালে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিয়ে ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছিলেন। যদিও তাঁর দেওয়া ব্যাখ্যায় ট্রাইব্যুনাল সন্তুষ্ট হতে পারেননি। তার পরও এ বিষয়টি বিবেচনা করে তাঁর শাস্তি কমিয়ে দেওয়া হলো। আদেশ দেওয়ার পর ট্রাইব্যুনাল সেলিম উদ্দিনকে বলেন, ‘আজ (গতকাল) ট্রাইব্যুনালের কার্যক্রম পর্যন্ত আপনি এজলাসে থাকবেন। এটাই আপনার সাজা। পরে এক হাজার টাকা জরিমানা দেবেন।’আদেশে বলা হয়, রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমানকে গ্রেপ্তারের পর বা তাঁদের আত্মসমর্পণের পর থেকে সাজা কার্যকর হবে। আদেশের অনুলিপি জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের কাছে পাঠানোর জন্য ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে।পরে জামায়াতের নেতাদের আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিরা আপিল করতে পারবেন কি না, এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এ কিছু বলা নেই। এ জন্য শাস্তির বিরুদ্ধে সেলিম উদ্দিনের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হবে। যে কারণে দণ্ড: গত ৪ ফেব্রুয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিন রাজধানীতে এক সমাবেশে বলেছিলেন, ‘দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়ার সুযোগ নেই।’ একই সমাবেশে হামিদুর রহমান আযাদ বলেন, ‘...এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।’ একই দিন রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেছিলেন, ‘...ট্রাইব্যুনালের “প্রতিহিংসাপরায়ণ রায়কে” প্রতিহত করতে মানুষ রক্তও ঢেলে দেবে।’ একাধিক সংবাদপত্রে এসব বক্তব্য প্রকাশিত হয়। এসব বক্তব্যকে আদালতের জন্য চরম অবমাননাজনক বলে মনে করে ট্রাইব্যুনাল গত ৭ ফেব্রুয়ারি রুল জারি করেন। কিন্তু এই তিন নেতার কেউ-ই ট্রাইব্যুনালে হাজির হয়ে রুলের জবাব না দেওয়ায় ট্রাইব্যুনাল গত ৬ মার্চ তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে সেলিম উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে। গত ২১ এপ্রিল এই তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে বিচার কার্যক্রম শুরু হয়।