জামায়াতের তিন নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ দাখিল করেন। আগামী ১৮ ডিসেম্বর এই তিনজনের বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দেবেন। আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।জামায়াতের অপর নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আরও সময় চাওয়ায় ট্রাইব্যুনাল ১৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন।এর আগে আজ সকাল সাড়ে নয়টার দিকে জামায়াতের এই চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও নারায়ণগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।সাঈদীর সাক্ষীকে জেরা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মাহাবুবুল আলম হাওলাদারকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা শুরু করেছেন। আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম সাক্ষীকে জেরা করেন। জেরায় রাষ্ট্রপক্ষের জব্দ করা বিভিন্ন আলামতের বিষয়ে সাক্ষীকে প্রশ্ন করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে একটি চিঠির বিষয়ে সাক্ষীকে প্রশ্ন করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে বলেন, ওই চিঠির অনুলিপি ট্রাইব্যুনালে দাখিল করা হয়নি। এ জন্য চিঠির বিষয়ে আসামিপক্ষের আইনজীবী সময় চান। তখন ট্রাইব্যুনাল আজকের মতো মুলতবি করা হয়। কাল আবার সাক্ষীর জেরা হবে।